দীর্ঘতম সুড়ঙ্গপথ খুলছে এ মাসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথটির নির্মাণকাজ শেষ। এবার উদ্বোধনের পালা। চলতি মাসের শেষদিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করতে পারেন। এ কথা বলেছেন চেনানি নাশিরি টানেলওয়ের নামে এ প্রকল্পটির পরিচালক জে এস রাঠোর। ইতিমধ্যে ওই সুড়ঙ্গপথে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলেছে।
নয় কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গপথটির অবস্থান জম্মুর উধমপুর জেলার চেনানি এলাকায়। এটি পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে জম্মু-শ্রীনগর মহাসড়ককে যুক্ত করেছে। প্রকল্পে প্রায় ছয় বছর লেগেছে। ‘টুইন-টিউব’ টানেলটি নির্মাণে ৩ হাজার ৭২০ কোটির বেশি রুপি খরচ হয়েছে। এটি ২৮৬ কিলোমিটার লম্বা চার লেনের মহাসড়ক প্রকল্পের অংশ।
সুড়ঙ্গপথটি চালু হলে জম্মু ও শ্রীনগরের মধ্যে দূরত্ব ৩০ কিলোমিটার কমবে। আর ভ্রমণের সময়ও বাঁচবে তিন-চার ঘণ্টা। এর ফলে নয়নাভিরাম উপত্যকায় যাতায়াত পর্যটকদের জন্য আরও সহজ হবে।
নিসার আহমদ নামের এক ট্রাকচালক এ সুড়ঙ্গপথের ভেতর দিয়ে প্রথম গাড়ি চালানোর সুযোগ পাচ্ছেন। তিনি বেজায় খুশি।
ভারতে এ ধরনের দীর্ঘ ও বিশ্বমানের সুড়ঙ্গপথ এটিই প্রথম। এতে বাতাস চলাচল, আগুন নিয়ন্ত্রণ, সংকেত, যোগাযোগ ও বিদ্যুৎব্যবস্থা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলবে। প্রকল্প পরিচালক জে এস রাঠোর বলেছেন, গোটা সুড়ঙ্গপথে ৭৫ মিটার পরপর মোট ১২৪টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। টেলি যোগাযোগের ব্যবস্থাও থাকছে। এই সুড়ঙ্গপথে ৫ মিটারের বেশি উচ্চতার ভারী মালবাহী গাড়ি বা দাহ্য পদার্থ নিয়ে কোনো কনটেইনার প্রবেশ করতে পারবে না। সুড়ঙ্গপথে গাড়ির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৫০ কিলোমিটার। এই সুড়ঙ্গপথে আছে ‘আপৎকালীন রাস্তাও’।