দুই গ্রামের গল্প
লাংতাং আর বারপাক। নেপালের দুই প্রত্যন্ত গ্রাম। প্রথমটির অবস্থান তিব্বতের সীমান্তসংলগ্ন এলাকায়। দ্বিতীয়টি গোর্খা জেলায়। দুই গ্রামের মধ্যে কয়েকটি বিষয়ে মিল আছে। গত বছরের ভূমিকম্পে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গ্রামই। আর এক বছর পর এসে দুই জনপদই সমানভাবে বহন করছে সেই ভয়াবহতার চিহ্ন।
এই দুই গ্রামের কোনোটিতেই সরকারি প্রতিশ্রুত সহায়তার প্রায় কিছুই পৌঁছায়নি। দরিদ্র মানুষগুলো তবু নতুন করে জীবনসংগ্রাম শুরু করেছে।
ভূমিকম্পে ভয়ানক তুষারধসের কবলে পড়ে লাংতাং। এটি শেরপা সংখ্যাগরিষ্ঠ গ্রাম। পর্বতারোহীদের প্রদর্শক বা গাইড হিসেবে কাজ করাই এখানকার বেশির ভাগ মানুষের মূল পেশা। সেই সব সাহসী মানুষের গ্রামটি পাথর আর তুষারের আঘাতে পরিণত হয় এক সমাধিক্ষেত্রে। মারা যায় ২৮৩ জন স্থানীয় বাসিন্দা এবং ৪৩ জন বিদেশি পর্যটক।
মাত্র গত এপ্রিল মাসে এ গ্রামে প্রথম ফেরেন সুপ্পা তামাং। দ্বিতীয় স্ত্রী, ১৩ বছরের সন্তানসহ বেশ কয়েকজন আত্মীয়কে হারান সুপ্পা। তিনি বলছিলেন, ‘ক্ষয়ক্ষতির কোনো হিসাব আর করি না। কিছুই অবশিষ্ট নেই। সবকিছু নতুন করে শুরু করতে হবে।’
ভয়াবহতার পরিমাণ লাংতাংয়ের মতো না হলেও বারপাকে ক্ষতি কিছু কম হয়নি। ভূমিকম্পে ৭২ জন বাসিন্দা প্রাণ হারায়। আহত হয় হাজারের বেশি মানুষ। এখনো অনেকেরই চিকিৎসা চলছে। ঘরহারা ৪৪৭টি পরিবারের মধ্যে ৩০০টিই নতুন করে স্থায়ী বাড়িঘর করতে পারেনি। ত্রাণের তাঁবুতে চলছে তাদের বসবাস। বারপাকে সরকারি ত্রাণ পৌঁছেছে নগণ্য।
গ্রামের অপেক্ষাকৃত অবস্থাসম্পন্ন পরিবারগুলো অবশ্য তাদের ঘরদোর নতুন করে তৈরি করতে পেরেছে। সংখ্যাগরিষ্ঠ দরিদ্রদের ঠাঁই হয়েছে নীল রঙের তাঁবুতে। সবুজ গাছে ছাওয়া পাহাড়ের মধ্যে নীল রঙের ছোট ছোট ছোপ। এ ছোপগুলোই শত শত মানুষের মাথা গোঁজার ঠাঁই সরকারি তাঁবু। এ দৃশ্য প্রকৃতিপ্রেমীর চোখ জুড়ায় বটে, কিন্তু ছবির পেছনে অনেক মানুষের কষ্ট তাতে বোঝা যায় না।
স্থানীয় অধিবাসী মিন গুরুং বলছিলেন, ‘রেডিওতে শুনেছি, সরকার ঘরবাড়ি তৈরির জন্য আমাদের সহায়তা দেবে। কিন্তু এখনো তো তাঁবুতেই থাকতে হচ্ছে।’ বারপাকের মানুষ জানে না, এ অপেক্ষার শেষ কোথায়।