দুই নারীকে মারধর, গো-সুরক্ষা সমিতির চারজন গ্রেপ্তার
ভারতের মধ্যপ্রদেশে গরুর মাংস বহনের অভিযোগে দুই মুসলিম নারীকে মারধর করার অভিযোগে গো-সুরক্ষা সমিতির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গরুর মাংস বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে ওই দুই নারীকেও গ্রেপ্তার করা হয়েছে, যদিও প্রাথমিক পরীক্ষার ফলাফল অনুযায়ী তাঁদের কাছে মহিষের মাংস ছিল।
এ ঘটনায় জড়িত সন্দেহে আটক দুই পক্ষের সবাই জামিনে ছাড়া পেয়েছেন। দুই নারীকে মারধরের ভিডিও ইন্টারনেটের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভারতের মধ্যপ্রদেশ এবং আরও কয়েকটি রাজ্যে গো–হত্যা নিষিদ্ধ। ধর্মীয় কারণে পবিত্রগণ্য প্রাণীটির সুরক্ষা নিশ্চিত করতে আরও ব্যবস্থা নিতে কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলো ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারকে চাপ দিচ্ছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেন, মুসলিম দুই নারীকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি হবে। তবে গরুর মাংস কেনাবেচার দায়ে দোষী প্রমাণিত হলেও ব্যবস্থা নেওয়া হবে।
গরুর মাংস খাওয়া বা বহনের অভিযোগে ভারতের বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকজন নারী-পুরুষের ওপর একই ধরনের হামলা হয়েছে। সম্প্রতি চারজন দলিত ব্যক্তিকে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। তাঁরা একটি মৃত গরুর চামড়া ছাড়াচ্ছিলেন। বাড়িতে গরুর মাংস রাখার অভিযোগে গত বছর মোহাম্মদ আখলাক নামের এক প্রবীণ লোককে পিটিয়ে হত্যা করা হয়।