দুই বছরের তিরন্দাজ!

ডলি শিবানী চেরুকুড়ি। বয়স দুই বছর। এই বয়সেই অব্যর্থ নিশানায় তির ছুড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। আর্চারি প্রতিযোগিতায় তিন শতাধিক পয়েন্ট পেয়ে জাতীয় রেকর্ডে নিজের নামটাও এই বয়সে লিখে নিয়েছে সে।ভারতের অন্ধ্রপ্রদেশের এই কন্যাশিশুকেই এখন দেশটির সবচেয়ে খুদে তিরন্দাজ হিসেবে আখ্যা দিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস।
আজ বুধবার বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার জাতীয় আর্চারি প্রতিযোগিতায় ডলি পাঁচ মিটার দূর থেকে নির্দিষ্ট নিশানার মধ্যে ৩৬টি তির ছুড়ে মারে। এরপর সাত মিটার দূরে থাকা নিশানাতেও সে সঠিকভাবে তির ছুড়ে মারে। এতে সে মোট ৩৮৮ পয়েন্ট পায়। আর এই পয়েন্ট পেয়েই ভারতের ইন্ডিয়া বুক অব রেকর্ডসে সবচেয়ে খুদে তিরন্দাজ হিসেবে নাম উঠে গেছে তার। এ কারণে সোনার মেডেল ও সনদও পেয়েছে ডলি।

খবরে বলা হয়, ডলির বড় ভাই আন্তর্জাতিক মানের তিরন্দাজ ও কোচ চেরুকুড়ি লেনিন ২০১০ সালের সড়ক দুর্ঘটনায় নিহত হন।
ভারতের আর্চারি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা গুঞ্জন আবরোল বলেন, ‘ডলির জন্য আমরা সবাই গর্বিত। তার জন্য আমরা বিস্মিতও বটে।’
ডলির বাবা চেরুকুড়ি সত্যনারায়ণ অন্ধ্রপ্রদেশে একটি আর্চারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘ডলির জন্মের পরপরই আমরা সিদ্ধান্ত নেই যে, তাকে আমরা একজন দক্ষ তিরন্দাজ হিসেবেই গড়ে তুলব। সেই জন্মের সময় থেকেই তার প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। আজ আমার মেয়ে সেটাই অর্জন করেছে, যা আমি চেয়েছিলাম। এতে আমার পরিবার কতটা খুশি হয়েছে তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ তিনি আরও বলেন, এখন তাঁরা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ডলির নাম লেখানোর চেষ্টা করবেন।