দুই ভারতীয় জওয়ান নিহত, পাকিস্তানকে 'উপযুক্ত জবাব' দেওয়ার হুমকি
ভারতের সেনাবাহিনী দাবি করেছে, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে বিনা উসকানিতে রকেট ও মর্টার বোমা ছুড়ে ভারতের নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান হত্যা ও হত্যার পর লাশ বিকৃত করেছে পাকিস্তান। পাশাপাশি ভারতের সেনাবাহিনী এই ‘ঘৃণ্য কাজের উপযুক্ত জবাব’ দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে। আজ সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ‘এ ধরনের হামলার ঘটনা যুদ্ধের সময়ও ঘটে না। ভারত সরকার এর তীব্র নিন্দা জানায় এবং আমাদের সশস্ত্র বাহিনীর ওপর পুরো দেশের আস্থা রয়েছে যে এ ধরনের অমানবিক কাজের উপযুক্ত জবাব দেবে তারা।’
ভারতের সেনাবাহিনী জানায়, নিহত দুই জওয়ানের মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য। অপরজন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য। নিয়ন্ত্রণরেখার কাছে কৃষ্ণ ঘাঁটি সেক্টরের টহল দলের সদস্য ছিলেন তাঁরা। টহল দেওয়ার সময় রকেট ও মর্টার বোমা হামলা চালায় পাকিস্তান।
তবে লাশ বিকৃত করার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তারা বলেছে, ‘পাকিস্তানের সেনাবাহিনী অত্যন্ত পেশাদার একটি বাহিনী এবং তারা কখনোই একজন সেনাকে অসম্মান করে না, এমনকি ভারতীয় হলেও।’