দুই শিবিরে দুই ধর্মগুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন একটা লড়াই অযোধ্যার হিন্দুসমাজ আগে কখনো দেখেনি। অথচ লড়াই যাদের মধ্যে, যুযুধান সেই দুই পক্ষই চায়, যত দ্রুত সম্ভব রামমন্দির গড়ে উঠুক।
এই লড়াইয়ের এক পক্ষের গুরু মহারাজের নাম মহন্ত নৃত্যগোপাল দাস ‘শাস্ত্রী’। সেই ’৮৪ সালের ফেব্রুয়ারি মাসে রাম জন্মভূমি বাবরি মসজিদের তালা খোলার পর মন্দির আন্দোলনে গতি আনতে যে ‘শ্রীরাম জন্মভূমি ন্যাস’ গড়ে তোলা হয়, নৃত্যগোপাল তারই অধ্যক্ষ। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সেই যে আন্দোলন গড়ে উঠল, ক্রমেই তা ছড়িয়ে যায় মথুরাতেও। গড়ে ওঠে ‘শ্রীকৃষ্ণ জন্মভূমি ন্যাস’। নৃত্যগোপাল তারও সভাপতি। এখনো তিনি দুই সংগঠনের শীর্ষে। এবং এখনো চূড়ান্ত আশাবাদী। অযোধ্যায় নিজের ডেরায় বসে বললেন, ‘এখন মনেপ্রাণে বিশ্বাস করি জীবদ্দশাতেই রামমন্দির তৈরি হয়ে যাবে। মোদিকে দেখে এই বিশ্বাসের জন্ম। একমাত্র তাঁরই রয়েছে এই ক্ষমতা।’
নৃত্যগোপাল দাসের মন্দির কাম আশ্রম থেকে হনুমানগড়ি মন্দির বড়জোর দেড় কিলোমিটার। প্রাচীন এই মন্দিরে মাথা ঠেকিয়েই এবার উত্তর প্রদেশে কংগ্রেসের নির্বাচনী প্রচার শুরু করেছিলেন রাহুল গান্ধী। সে গত বছরের কথা। তখনো রাহুলদের বিশ্বাস ছিল ‘সাতাশ সাল ইউপি বেহাল’ স্লোগানে। শীলা দীক্ষিতকে তখন মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত করা হয়ে গেছে। বারানসিতে সোনিয়া গান্ধী ফাটাফাটি রোড শো করেছেন। ঘোষণা হয়েছে শীলা দীক্ষিত রাজ্যব্যাপী বাসযাত্রা এবং রাহুলের এক মাস ধরে ‘কিষান যাত্রা’র রোডম্যাপ। সাতাশ বছর পর উত্তর প্রদেশে ক্ষমতায় আসার স্বপ্নে কংগ্রেসিরা তখন বিভোর। সেই সময় অযোধ্যার হনুমানগড়ি মন্দিরে মাথা ঠেকিয়ে রাহুল শুরু করেন তাঁর প্রচার। আশীর্বাদ চেয়েছিলেন মহন্ত জ্ঞান দাসের।
নৃত্যগোপালের সঙ্গে লড়াইটা এই অখিল ভারতীয় ষড় দর্শন আখড়া পরিষদের নির্বাণী আখড়ার অধ্যক্ষ মহন্ত জ্ঞান দাসের। নৃত্যগোপালের মনে যদি দিনরাত বিজেপির পদ্ম ঘুরপাক খায়, জ্ঞান দাসের হৃদয়ে তা হলে সমাজবাদী পার্টির সাইকেল। নৃত্যগোপাল যদি বিশ্বাস করেন, মোদির বিজেপিই হিন্দুদের ত্রাতা, জ্ঞান দাসের বিশ্বাস তাহলে হিন্দুত্বের মুখোশের অাড়ালে নরেন্দ্র মোদিও সমান ধাপ্পাবাজ। নৃত্যগোপাল যদি মনে করেন অযোধ্যা এবার পদ্মের বাহারে ছেয়ে যাবে, জ্ঞান দাসের বিশ্বাস তাহলে রাজ্যে সরকার গড়বে অখিলেশের সমাজবাদী পার্টি। অখিলেশ ব্যবস্থা করেছেন জ্ঞান দাসের চব্বিশ ঘণ্টার পুলিশি প্রহরা, মোদির সরকার নৃত্যগোপালকে দিয়েছেন সিআরপিএফের কমান্ডো নিরাপত্তা। কেউ কারও চেয়ে কম নন।
আখড়ার চাতালে বসে রাজনীতিতে ডুবলেন মহন্ত জ্ঞান দাস। ‘মোদিকে হিন্দুরা কী করে বিশ্বাস করবেন বলতে পারেন? অটল বিহারি বাজপেয়ির সময় থেকে শুনে আসছি, বহুমত পেলেই মন্দির তৈরির কাজ শুরু হবে। মোদি সেই বহুমত পেলেন। কিন্তু আজ পর্যন্ত একটা দিনের জন্যও কি তিনি মন্দির তৈরি নিয়ে কোনো অাশার কথা বলেছেন? বলেননি। তিন বছরে অন্তত ৩০টা দেশে তিনি গেলেন, অথচ একবারের জন্যও অযোধ্যায় আসার সময় পেলেন না। অযোধ্যার হিন্দুসমাজ কেন তাঁকে ভোট দেবে, বলুন তো?’
এ ধরনের কথা শুনলে নৃত্যগোপালের আবার হাসি পায়। তাচ্ছিল্যের হাসি হাসতে হাসতে তাই তিনি বললেন, ‘মোদিকে ওঁরা চিনতেই পারেননি। মন্দিরের কাজ হাতে নিয়েই তিনি অযোধ্যায় আসবেন। মন্দির এখন অগ্রাধিকার নয়। এতগুলো বছর মন্দিরের জন্য হিন্দুরা অপেক্ষায় থেকেছে যখন, তখন আরও দু-একটা বছর থাকতে পারবে। মোদি এগোবেন ঠিক সময়ে। এখন প্রধান কাজ উত্তর প্রদেশে সরকারে এসে রাজ্যসভার অাসন ঘাটতি কমানো।’
নৃত্যগোপাল বললেন, জেলার পাঁচটা আসনেই এবার বিজেপি আসবে। তা শুনে তাচ্ছিল্যের হাসি জ্ঞান দাস, তাঁর উত্তরাধিকার মণিরাম দাস ও ব্রহ্মচারী সেবক মণিরাম দাসের মুখে। ‘লিখে রাখুন, গতবারের মতোই হবে এবারের ফল। চারটে আসন সমাজবাদী পার্টির, বিজেপি খুব ভালো করলে একটায়।’
মন্দির-নগরী অযোধ্যার অপ্রশস্ত গলিঘুঁজিতে যে রিকশাচালক আমার বাহক, সেই রামবিলাস সৈনি ফেরার সময় দুটো কথা বললেন। প্রথম কথা, রামজির কৃপায় প্রতিদিন এত হাজার হাজার মানুষ অযোধ্যায় আসেন বলেই তাঁদের পেট চলছে। দ্বিতীয় কথা, অযোধ্যার মুসলমানেরাও মন্দিরের পক্ষে। কারণ, তাঁরা মনে করেন, রামমন্দির হয়ে গেলে তাঁরাও নির্ভাবনায় দিন কাটাতে পারবেন। অনিশ্চয়তা তাঁদের কুরে কুরে খাবে না।
রামবিলাসের কথা শুনে খানিক চুপ করে থাকলেন ফৈজাবাদের হাকিম চিকিৎসক মহম্মদ মইনুদ্দিন। তারপর বললেন, ‘অযোধ্যায় রামমন্দির হয়ে গেলে এখানে শান্তি থাকবে এটা ঠিক। কিন্তু দেশে? মথুরা আছে। বারানসি আছে। আগ্রা আছে। উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় এলে নতুন অশান্তিরও জন্ম হবে।’
তা হলে উপায়? হাকিম মইনুদ্দিন, শিক্ষক সালামাত হোসেন, দরজি রহমত আলী, পোস্ট অফিসের কর্মী সামশের পারভেজরা মনে করছেন, অখিলেশ-রাহুল জুটি আগামী দিনে উত্তর প্রদেশে বিজেপির উত্তর হয়ে উঠতে পারেন। দুজনেই শিক্ষিত, আধুনিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক। ধর্মনিরপেক্ষ জনতা এই জুটিকে ভরসা করতে ভালোবাসবে। ভবিষ্যৎ এঁদেরই।