ভারতের মহারাষ্ট্রে বিধানসভার নির্বাচনে যুযুধান দুই শিবিরের আসন সমঝোতার ছবিটা শেষ পর্যন্ত কী দাঁড়াবে, গতকাল সোমবারেও তা স্পষ্ট হলো না। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও শিবসেনা নিজেদের দাবিতে যেমন অটল, অন্য শিবিরের কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিও (এনসিপি) তাদের জেদে অনড়। দুই পক্ষের চার শক্তিই চেয়ে রয়েছে অন্যের দিকে। অথচ ভোটের বাকি আর মাত্র তিন সপ্তাহ। নির্বাচন ১৫ অক্টোবর।
মহারাষ্ট্র বিধানসভার মোট আসন ২৮৮। গত নির্বাচনে এর মধ্যে শিবসেনা লড়েছিল ১৬৯ আসনে, বিজেপি ১১৯টিতে। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবারও বিজেপিকে ১১৯টির বেশি আসন দিতে প্রস্তুত নন, কিন্তু বিজেপির দাবি কমপেক্ষ ১৩৫। বিজেপি সভাপতি অমিত শাহর ফর্মুলা হলো, দুই দলই ১৩৫টির আসনে লড়ুক, বাকি ১৮টি আসন দুই ছোট জোটসঙ্গীকে ভাগ করে দেওয়া হোক। জবাবে উদ্ধব বলেছেন, মহারাষ্ট্রে বিজেপি দাতা নয়, গ্রহীতা। দাতা শিবসেনা। জোটে থাকতে গেলে ১১৯টিতেই সন্তুষ্ট থাকতে হবে।
দলীয় জরিপ অনুযায়ী, বিজেপি-শিবসেনা জোটের ২০০ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা। এ অবস্থায় বিজেপি কম আসন যেমন নিতে পারছে না, তেমনই ছাড়তে পারছে না মুখ্যমন্ত্রিত্বের দাবি। শিবসেনাও তেমন চাইছে না মহারাষ্ট্রে বিজেপিকে বেশি রাশ ছাড়তে। তাদের আশঙ্কা, বিজেপিকে বেশি সুতো ছাড়লে শিবসেনা ক্রমে শেষ হয়ে যাবে। এ অবস্থায় গত েরাববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির দীর্ঘ বৈঠক হলেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি।
এ পরিস্থিতিতে কংগ্রেস ও এনসিপি তাকিয়ে রয়েছে বিজেপি-শিবসেনার জোট-ভাগ্যের ওপর। এ রাজ্যে আগের ভোটে কংগ্রেস লড়েছিল ১৬৭ আসনে, এনসিপি ১২১টিতে। কংগ্রেস এবার দুর্বল। সেই সুযোগে এনসিপি ৫০-৫০ আসন ভাগাভাগির গোঁ ধরে রয়েছে। গতকাল সোমবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাড়িতে দলের শীর্ষ নেতাদের বৈঠক বসে। এনসিপির কোর কমিটিরও বৈঠক হয়। বৈঠক শেষে দলের শীর্ষ নেতা প্রফুল্ল প্যাটেল বলেন, আজ মঙ্গলবার তাঁরা কংগ্রেসের সঙ্গে ফের আলোচনায় বসবেন। মহারাষ্ট্রের কংগ্রেসি মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান বলেন, তাঁরা দলীয় তালিকা চূড়ান্ত করছেন। এনসিপির সঙ্গে আলোচনাও অব্যাহত রয়েছে।