দুইয়ের বেশি সন্তান হলে এমএলএ-এমপি হওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটির বেশি সন্তান হলে জনপ্রতিনিধি হওয়া যাবে না। জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারতের আসাম রাজ্য সরকার এমনই নীতি নিতে চাইছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা গুয়াহাটিতে গত বুধবার জানান, দুটির বেশি সন্তান থাকলে তাঁদের আসাম থেকে এমএলএ-এমপি হওয়া বন্ধ করা হোক। এ ব্যাপারে আসামের রাজ্য সরকার দিল্লিতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।

জনসংখ্যা নিয়ন্ত্রণে আসাম সরকার নতুন নীতি নিতে চলেছে। এর মধ্যেই প্রাথমিক খসড়া প্রস্তাব প্রকাশ করে জনগণের মতামত নেওয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জানান, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি প্রস্তাব নিয়ে ৮৮টি ই-মেইল, ৬০০ সোশ্যাল মিডিয়ার মন্তব্য এবং ৩৭টি প্রবন্ধ সরকারের নজরে এসেছে। এগুলো বিবেচনা করেই দ্বিতীয় খসড়া প্রস্তাব গত বুধবার প্রকাশ করা হয়। জনশুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। খসড়া প্রস্তাবের নাম দেওয়া হয়েছে, ‘জনসংখ্যা ও নারীর ক্ষমতায়নে আসামের নীতিমালা।’

খসড়া প্রস্তাবে রাজ্য সরকার সাফ জানিয়েছে, দুটি বেশির সন্তান থাকলে কোনো রাজ্য সরকারের কোনো দপ্তরে চাকরি পাওয়া যাবে না। সরকারি সুবিধা পেতে হলেও সন্তান সংখ্যা দুই এর মধ্যেই রাখতে হবে। জমজ সন্তান হলে অবশ্য ছাড় পাওয়া যেতে পারে।

সাধারণ মানুষদের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদেরও পরিবার পরিকল্পনার আওতায় আনতে চাইছে রাজ্য সরকার। খসড়া প্রস্তাব অনুযায়ী রাজ্য সরকারের অধীনে গ্রাম পঞ্চায়েত, পৌরসভা ও অন্যান্য স্থানীয় স্বশাসিত প্রতিষ্ঠানে নির্বাচনে লড়তে গেলে সন্তান সংখ্যা দুইয়ের নিচেই রাখতে হবে।

বিজেপি শাসিত আসামের মন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের বলেন, ‘আমরা চাইছি আসামে বিধানসভা ও লোকসভা নির্বাচনের প্রার্থীদেরও সন্তান সংখ্যা দুইয়ের মধ্যে বেঁধে রাখতে। এর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আইন সংশোধনের আবেদন জানিয়েছি। কারণ জনসংখ্যা বৃদ্ধির হাল নিয়ন্ত্রণ করতেই হবে।’

জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি আসাম সরকার নিজেদের পরম্পরাকেও তুলে ধরতে চাইছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পরামর্শে সরকার আমলা ও কর্মীদের জন্য চালু হতে চলেছে নয়া পোশাক নীতি। আপাতত প্রতি মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহে নারীদের আসামের পরম্পরা মেনে মেখলা ও চাদন পরে অফিসে আসতে হবে। আর পুরুষরা পরবেন ধুতি ও কুরতা।