দুধ না দেওয়ায় ভারতে মহিষ নিয়ে থানায় কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিষ
ফাইল ছবি

ভারতের মধ্যপ্রদেশে দুধ না দেওয়ায় নিজ খামারের মহিষ নিয়ে থানায় হাজির হয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন একজন কৃষক। তাঁর অভিযোগ, পশুটিকে জাদুটোনা করা হয়েছে বলে সন্দেহ করছেন তিনি। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিন্দ জেলার এক পুলিশ কর্মকর্তা। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শনিবার নয়াগাঁও গ্রামের ওই কৃষক থানায় গিয়ে পুলিশের সহায়তা চাইছেন। ডেপুটি পুলিশ সুপার অরবিন্দ শাহ পিটিআইকে বলেন, বাবুলাল যাতব (৪৫) নামের ওই ব্যক্তি শনিবার একটি অভিযোগ দায়ের করেছেন। এতে বলা হয়, কয়েক দিন ধরে তাঁর মহিষটি দুধ দিচ্ছে না।

অরবিন্দ শাহ আরও বলেন, অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মহিষটিকে জাদুটোনা করা হতে পারে বলে তাঁকে (কৃষক) বলেছেন কয়েকজন গ্রামবাসী। অভিযোগ দায়েরের চার ঘণ্টা পর ওই কৃষক মহিষটিকে নিয়ে থানায় এসে পুলিশের সহায়তা চান।

ডেপুটি পুলিশ সুপার বলেন, খবরটি শুনে মহিষের চিকিৎসায় পশুচিকিৎসক দিয়ে সহায়তা করতে তিনি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পর রোববার সকাল থেকে আবার মহিষটি দুধ দিতে শুরু করেছে। এতে খুশি হয়ে কৃষক থানায় এসে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।