দুমড়ানো বগির ভেতর জীবন্ত দুই শিশু

ভারতের কানপুরের কাছে দুর্ঘটনাকবলিত ট্রেনের দুমড়েমুচড়ে যাওয়া বগির ভেতর থেকে দুই শিশুকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। এস ৩ বগিটি দুমড়েমুচড়ে উল্টে গিয়েছিল। ভেতর থেকে ছয় ও সাত বছরের দুটি ছেলেশিশুকে উদ্ধার করা হয়েছে।
এনডিটিভির খবরে জানা যায়, ওই দুই শিশুর কাছেই মৃত এক নারীকে পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি ওই শিশুদের মা।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর (এনডিআরএফ) কর্মকর্তা এ কে সিং বলেন, ভেঙেচুরে যাওয়া আরেকটি বগিতে দুজন মেয়ে আটকে আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষ করার আগে কেউ আটকে আছে কি না, তা তল্লাশি করে দেখা হবে।
এ কে সিং আরও বলেন, উৎসুক মানুষের ভিড় উদ্ধারকাজকে বাধাগ্রস্ত করছে।
আজ রোববার ভোরে ভারতের উত্তর প্রদেশের কানপুরের কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয় গণমাধ্যমের খবর ও পুলিশ বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত যাত্রীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক।
এদিকে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী টাইমস অব ইন্ডিয়াকে তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অনেককেই বিধ্বস্ত বগিগুলোর কাছে নিশ্চুপ বসে থাকতে দেখা গেছে। তাঁরা বিস্ময়ে হতবাক ছিলেন। চোখে ছিল জল।
দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এক যাত্রী বলেন, ‘ধপ করে একটি শব্দ। ঘুম ভেঙে গেল। দেখি ঘোর অন্ধকার।’ তিনি আরও বললেন, ‘আমি সৌভাগ্যবান। কারণ, আমি বেঁচে আছি। নিরাপদে আছি। কিন্তু আমি একেবারে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম।’
ওই ট্রেনের যাত্রী ছিলেন নিকিতা ত্রিবেদি। তিনি বললেন, ‘যাদের সঙ্গে এক কামরায় বসে যাচ্ছিলাম, তাদের মরদেহ দেখছি। আমি এর আগে কখনো এ রকম দৃশ্য দেখিনি।’
ট্রেনের আরেক এক যাত্রী বললেন, হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি হয়। যাত্রীরা আসন থেকে পড়ে যান। তখনো বুঝে উঠতে পারেননি এত বড় দুর্ঘটনা ঘটেছে। তাঁর পাঁচ সহযাত্রী এখনো নিখোঁজ। তাঁদের জন্য তিনি উদ্বিগ্ন।
আরেক যাত্রী বলেন, ট্রেনের বগিটি কাত হয়ে পড়ে যাচ্ছিল। আহত অবস্থায় তিনি নেমে আসেন। এখন মাকে খুঁজে পাচ্ছেন না।
দুই ভাই আর তিন বোনকে নিয়ে যাচ্ছিলেন আরেক যাত্রী। কিন্তু এখন ভাইবোন কাউকেই খুঁজে পাচ্ছেন না। বুঝতে পারছেন না, তাঁরা বেঁচে আছেন, না মারা গেছেন।