দুর্গা পূজা উপলক্ষে বাণিজ্য বন্ধ ১০ দিন
দুর্গা পূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য টানা ১০ দিন বন্ধ থাকবে। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে মাছ আমদানি করবে ত্রিপুরা।
প্রতি বছরের মতো এবারও আমদানি-রপ্তানি বাণিজ্যে ছুটি থাকছে ১০ দিন। ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আগরতলা, আখাউড়াসহ ত্রিপুরার ৮টি স্থলবন্দর দিয়ে কোনো মালামাল আমদানি-রপ্তানি হবে না।
তবে দশমীর দিন ত্রিপুরায় মাছের চাহিদা মাথায় রেখে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর মাছ আমদানি করা হবে। আজ সোমবার মুঠোফোনে প্রথম আলোকে এ খবর জানান ত্রিপুরা আমদানি-রপ্তানি বণিক সভার সম্পাদক মণীশ বিশ্বাস। তিনি বলেন, ঈদের সময় বাংলাদেশের ব্যবসায়ীরা ছুটির বিষয়টি ঠিক করে জানালে তাঁরা সেটা মেনে নেন। পূজার ক্ষেত্রে তাঁরা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের জানিয়েছেন। বাংলাদেশি আমদানি-রপ্তানিকারকদের পক্ষ থেকে রাজীব উদ্দিন ভূঁইয়া এ বিষয়ে সম্মতি দিয়েছেন।
মণীশ বিশ্বাস বলেন, ১০ দিন ব্যবসা বন্ধ থাকার ফলে বাণিজ্যে প্রায় ২০ কোটি রুপি ক্ষতি হবে। ত্রিপুরায় বাংলাদেশের সব ধরনের মাছের চাহিদাই আছে। তবে ইলিশের চাহিদা তুলনামূলকভাবে বেশি। অবশ্য ২০১২ সাল থেকে ইলিশ আমদানি বন্ধ রয়েছে।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে যাত্রী যাতায়াত চলবে। আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী প্রথম আলোকে বলেন, পূজার সময় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ত্রিপুরায় আসেন। তাই স্থলবন্দর খোলা থাকছে।
দুর্গা পূজা চলাকালীন সময়ে রাজ্যের দুই সাপ্তাহিক সীমান্ত হাটও খোলা থাকবে। ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের কর্মকর্তা অনির্বাণ দত্ত এ খবর নিশ্চিত করেছেন।