দুর্গাপূজাকে ঘিরে উৎসবের নগর কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়িশা ক্লাবের মণ্ডপ l প্রথম আলো
বড়িশা ক্লাবের মণ্ডপ l প্রথম আলো

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে কলকাতা যেন উৎসবের নগরে পরিণত হয়েছে। গতকাল রোববার দেবী দুর্গার দর্শন পেতে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে নগরের পথে নামেন লাখো ভক্ত। পশ্চিমবঙ্গের রাজধানীতে প্রতিবারের মতো এবারও চলেছে সাবেকি পূজার সঙ্গে কয়েক দশক ধরে চলা থিম বা বিষয়ের লড়াই।
কলকাতার মণ্ডপে মণ্ডপে জনস্রোত নামে শুক্রবার মহাষষ্ঠীর দিন থেকেই। তবে ভিড় শুরু হয় চতুর্থী থেকেই। নগরে এবারের পূজার প্রধান আকর্ষণ দেশপ্রিয় পার্কে স্থাপিত এক হাজার হাতের দেবী দুর্গা। গতবার এখানেই স্থাপন করা হয়েছিল ‘বিশ্বের সর্বোচ্চ’ ৮৮ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা। কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে নিরাপত্তার দিক বিবেচনা করে ষষ্ঠীর আগের দিনই এই দুর্গা দর্শন বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। দেশপ্রিয় পার্কের এবার মণ্ডপের প্রবেশদ্বার করা হয়েছে অসুরের মুখকে থিম করে।
জগৎ মুখার্জি পার্ক এবার পূজার থিম করেছে বনগাঁ লোকাল ট্রেনকে। বেলগাছিয়া দুর্গোৎসব কমিটির থিম বাঘ সংরক্ষণ। মোহনবাগান বারোয়ারির থিম নারী শক্তির জাগরণ। সিমলা ব্যায়াম সমিতি থিম করেছে সিকিমের সাঁই বাবার মন্দির। রামমোহন সম্মিলনীর থিম প্লাস্টিক বর্জন। গুজরাটের ঐতিহাসিক আম্বাজি মন্দিরের ধাঁচে মণ্ডপ করেছে সিংহী পার্ক। সুরুচি সংঘের থিম বিশ্বভ্রাতৃত্ব। খিদিরপুর ২৫ পল্লির থিম সৃষ্টি সুখের উল্লাসে। অলিম্পিক মঞ্চকে থিম করেছে বালিগঞ্জ পল্লি সর্বজনীন। লোধা-সবরদের জীবন তুলে এনেছে বড়িশা ইউনাইটেড ক্লাব।