দুর্গে ছোবল সহজ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধীর চৌধুরী
অধীর চৌধুরী

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দুর্গ বা ঘাঁটি হিসেবে পরিচিত। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অধীরের এ দুর্গে বারবার আঘাত করেও তেমন সফল হয়নি। এবার তৃণমূল নেতৃত্ব বলছে, অধীরের দুর্গ এবার হাতছাড়া হবে। তবে সাংসদ অধীর চৌধুরী গত বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে দৃঢ়তার সঙ্গেই বলেছেন, ব্যাপারটা তৃণমূলের জন্য সহজ হবে না।
২০১১ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ১৪টিতেই জয়ী হয়েছিল কংগ্রেস। বামফ্রন্ট সাতটি আর তৃণমূল জিতেছিল একটি আসনে। এবার আসনসংখ্যা বাড়ানো শুধু নয়, জেলার বেশির ভাগ আসন পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল আদাজল খেয়ে মাঠে নেমেছে। তৃণমূল এ লক্ষ্যে পৌঁছতে পারবে কি না, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এটা একটা বড় প্রশ্ন।
অধীর চৌধুরীর সঙ্গে প্রথম আলোর এ প্রতিনিধির কথা হয় বৃহস্পতিবার সকালে। তিনি এ সময় বলেন, ‘আমাদের দুর্গ ভাঙা এত সহজ হবে না। ওরা লড়ছে মুর্শিদাবাদের দুর্গ ভাঙার জন্য আর আমরা লড়ছি গোটা রাজ্যে ওদের দুর্গ ভাঙার জন্য।’
কংগ্রেস সভাপতি বলেন, ‘কংগ্রেস এত ছোট দল নয় যে ভেঙে যাবে। দেখুন না কী হয় এবার? এত সহজে পার পাবে না ওরা। আমরাও লড়ছি।’
অধীর চৌধুরী বলেন, মানুষের কাছে তৃণমূলের দুর্নীতির মুখোশ খুলে গেছে। মানুষ বুঝেছে, তৃণমূল একটি দুর্নীতিবাজদের দল। সারদা আর নারদ কেলেঙ্কারি তার উজ্জ্বল প্রমাণ। লোকে এবার বুঝেছে, এই দল ফের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে লুটেপুটে খাবে। এবার আর এ রাজ্যবাসী তাই ক্ষমতায় আনবে না তৃণমূলকে।
অধীর আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরাই জিতব। এই রাজ্যে সৎমানুষের সরকার গড়ব। জনগণ আমাদের পাশে ছিল, এবারও থাকবে। আর মুর্শিদাবাদ তো জড়িয়ে আছে কংগ্রেসের সঙ্গে। এবার বাম দল আমাদের পাশে এসে এই শক্তিকে দ্বিগুণ করে দিল।’