দুর্ঘটনায় আহত হেমা মালিনী

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের বলিউডের একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী পার্লামেন্ট সদস্য হেমা মালিনী। গত বৃহস্পতিবার রাতের এ ঘটনায় একটি চার বছরের শিশু মারা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ জানায়, রাজস্থান রাজ্যে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় নিজের মার্সিডিজ গাড়িতে ছিলেন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির লোকসভা সদস্য হেমা মালিনী। আরেকটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে তাঁর গাড়িটির সংঘর্ষ হয়। সেই গাড়িটিরই যাত্রী ছিল নিহত শিশুটি। হেমা মালিনীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মুখমণ্ডলে ক্ষত হওয়া ছাড়াও নাক ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। হেমা মালিনীর গাড়ির চালক আহত মহেশ ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, হেমা মালিনী একটি রুমাল দিয়ে রক্তাক্ত কপাল চেপে ধরে আছেন।
বর্তমানে ৬৬ বছর বয়সী হেমা মালিনী প্রায় ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয়তার চূড়ায় থাকার সময় তিনি ‘ড্রিম গার্ল’ নামে পরিচিতি পান।