দুর্ঘটনায় বিপিনের সঙ্গী বরুণের চিঠিতে যা ছিল
ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত যে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন, সেই কপ্টারে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। ওই কপ্টারে থাকা ব্যক্তিদের মধ্যে একমাত্র তিনি বেঁচে আছেন। এই ব্যক্তি একসময় তাঁর স্কুলের অধ্যক্ষকে লিখেছিলেন, মধ্যম মানের হওয়া দোষের কিছু নয়। নিজের চাওয়াটা বুঝতে হবে, নিজের কাজটা সর্বোচ্চ দিয়ে করতে হবে, কখনো আশাহত হওয়া যাবে না। সেই বরুণ এখন বেঙ্গালুরুর একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। খবর এনডিটিভির।
নিজেকে মধ্যম মানের শিক্ষার্থী মনে করতেন বরুণ। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকে আবিষ্কার করেন তিনি। তেজাস নামের একটি যুদ্ধবিমান নিয়ে উড়ে জটিলতার মুখোমুখি হয়েছিলেন তিনি। কিন্তু দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতির মোকাবিলা করেছিলেন বরুণ। এ জন্য তাঁকে দেওয়া হয়েছে ‘সৌরচক্র’ পুরস্কার।
গত সেপ্টেম্বরে বরুণ একটি চিঠি লিখেছিলেন হরিয়ানার চান্দিমান্দির ক্যান্টনমেন্টের আর্মি পাবলিক স্কুলের অধ্যক্ষ বরাবর। এই স্কুলে একসময় পড়েছেন তিনি। ওই চিঠিতে তিনি লিখেছিলেন, ‘আমি একজন মাঝারি মানের শিক্ষার্থী। দ্বাদশ শ্রেণিতে আমি কোনোরকমে প্রথম বিভাগ পেয়েছিলাম। এ ছাড়া খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও আমি মধ্যম মানের ছিলাম। কিন্তু আমার আগ্রহ ও একাগ্রতা ছিল উড়োজাহাজ ও অ্যাভিয়েশন নিয়ে।’
চার পৃষ্ঠার একটি চিঠি লিখেছিলেন বরুণ সিং। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে জীবন কেমন ছিল, এই চিঠিতে তা লিখেছিলেন তিনি। বরুণ লিখেছেন, শুরুতে তাঁর আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। ফ্লাইট লেফটেন্যান্ট হওয়ার পর তিনি অনুধাবন করতে পারেন, তিনি ভালো করতে পারবেন, যদি তিনি মনোনিবেশ করতে পারেন। বরুণ লিখেছেন, এরপর তাঁর জীবন বদলে যায়। এরপর প্রতিটি কাজ তিনি তাঁর সর্বোচ্চটা দিয়ে করেছেন। আর এই পদক্ষেপের সর্বোচ্চ মূল্যটাও পেয়েছেন তিনি।
এই চিঠিজুড়ে আত্মবিশ্বাসের কথা বলেছেন, এর ওপর জোর দেওয়ার কথা বলেছেন বরুণ সিং। বর্তমান শিক্ষাব্যবস্থা একজন কিশোর বা তরুণের ওপর কেমন চাপ তৈরি করে, তা–ও উল্লেখ করেছেন। তিনি এ–ও লিখেছেন, এটা ভাবার কোনো কারণ নেই, দ্বাদশ শ্রেণির ফলাফলই সবকিছু নির্ধারণ করে দেয়। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান।