দুর্ঘটনায় মিয়ানমারের কূটনীতিক নিহত
ভারতের বিহারের বুদ্ধগয়া থেকে কলকাতায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মিয়ানমারের কনস্যুল জেনারেল পোই সোই (৪৯)। তিনি কলকাতায় দায়িত্ব পালন করছিলেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী নিও আও ও গাড়ির চালক ও পি এ।
ঝাড়খন্ডের জিটি রোড ধরে যাচ্ছিলেন পোই সোই। গিরিডির নিমিয়াঘাট এলাকায় একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় কনস্যুল জেনারেলের গাড়িটির। এতে নিহত হন তিনি। কনস্যুল জেনারেলের আহত স্ত্রী ও অন্য দুজনকে ঝাড়খন্ডের রাজধানী রাঁচির স্টেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা কনস্যুল জেনারেলকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে গিরিডির জেলা প্রশাসক কিরণ কুমার এবং পুলিশ সুপার অখিলেশ বি ওয়ারিয়র হাসপাতালে যান। তাঁরা বলেছেন, কনস্যুল জেনারেলের ঝাড়খন্ড হয়ে কলকাতায় ফিরে আসার আগাম কোনো খবর ছিল না। কলকাতায় মিয়ানমারের কনস্যুল কার্যালয়ও তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি।
২০১৬ সালের ৬ ডিসেম্বর পোই সোই কলকাতায় কনস্যুল জেনারেল হিসেবে যোগ দেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার এতে শোক জানিয়েছেন। কনস্যুল জেনারেলের মরদেহ মিয়ানমারে পাঠানোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।