দুর্নীতি মামলায় জয়ললিতার অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ললিতা
জয়ললিতা

ভারতের তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে দায়ের করা মামলা খারিজ করে দিল কর্ণাটকের হাইকোর্ট। জয়ললিতা, তাঁর ঘনিষ্ঠ সহযোগী শশীকলা ও অন্য দুজনের বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দিয়েছেন বিচারপতি সি আর কুমারস্বামী। গত বছর নিম্ন আদালত এই চারজনকে দোষী সাব্যস্ত করে। জয়ললিতার চার বছর কারাদণ্ড ও ১০০ কোটি রুপি জরিমানা হয়েছিল।
সোমবার কর্ণাটক হাইকোর্টের এই রায়ের পর জয়ললিতা আবার রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব ফিরে পাবেন। ভারতীয় আইন অনুযায়ী তিন বছরের বেশি সাজা হলে জনপ্রতিনিধিদের পদ চলে যায়। তাঁরা সাজার মেয়াদসহ আরও ছয় বছরের জন্য কোনো নির্বাচনেও দাঁড়াতে পারেন না। সেই অনুযায়ী জয়ললিতাকেও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল। মুখ্যমন্ত্রী করা হয়েছিল একান্ত অনুগামী পনিরসেলভনকে। মনে করা হচ্ছে, আগামী রোববার জয়ললিতা ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
মামলাটি বেশ পুরোনো। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকার সময় জয়ললিতা মাসে ১ রুপি বেতন নিতেন। কিন্তু পাঁচ বছর পর দেখা যায় তাঁর সম্পত্তি প্রায় ৬৬ কোটি রুপি! রাজ্যের তৎকালীন জনতা পার্টির নেতা বর্তমানে বিজেপি সদস্য সুব্রহ্মনম স্বামী জয়ললিতার বিরুদ্ধে মামলা করেন।
জয়ললিতার প্রাথমিক প্রতিক্রিয়া, ‘এই রায় আমাকে সোনার মতো খাঁটি করে তুলল।’ রাজ্য রাজনীতিতে তাঁর প্রবলতম প্রতিদ্বন্দ্বী ডিএমকে নেতা করুণানিধি অবশ্য বলেছেন, ‘এটাই শেষ বিচার নয়।’