দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই: সোনিয়া গান্ধী
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুর্নীতিবাজ সরকারের এক দিনও ক্ষমতায় থাকার অধিকার নেই। অনেকে ক্ষমতায় এসে ক্ষমতার লোভে অন্ধ হয়ে যান। ক্ষমতা দখলের পর সবকিছু ভুলে নিজেকে ভগবান মনে করেন। এসব অহংকারীকে এবার বাংলার মানুষ শিক্ষা দেবে।
আজ বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে প্রচারে গিয়ে বীরভূমের মুরারইতে আয়োজিত এক জনসভায় সোনিয়া এসব কথা বলেছেন।
সোনিয়া গান্ধী বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের দুর্নীতির কোনো সীমা নেই। এ রাজ্যের সর্বত্র এখন মাফিয়া রাজ চলছে। দুর্নীতিতে জর্জরিত হয়ে পড়েছে এই সরকার। মমতারও মুখোশ এবার খুলে গিয়েছে। তাই মমতার এই দুর্নীতিবাজ সরকারের এক দিনও ক্ষমতায় থাকার অধিকার নেই।
সোনিয়া গান্ধী বলেন, মোদি সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। মোদি আর মমতা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই বাংলার মানুষ এবার এই রাজ্যে মমতারাজের অবসান ঘটাবে।