দুর্নীতির অভিযোগে রাজ্যপালের পদত্যাগ
চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্যপাল (গভর্নর) রামনরেশ যাদবকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়। রাজ্যপাল তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন।
রামনরেশ যাদবের বিরুদ্ধে মধ্যপ্রদেশের প্রফেশনাল এক্সামিনেশন বোর্ডের (এমপিপিইবি) নিয়োগ-সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। যাদবের জায়গায় রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব নিতে পারেন ছত্তিশগড়ের রাজ্যপাল বলরাম দাস ট্যান্ডন।
৮৬ বছর বয়সী রামনরেশ যাদব ২০১১ সাল থেকে মধ্যপ্রদেশের রাজ্যপাল পদে রয়েছেন। ২০১৩ সালে এই রাজ্যে বনরক্ষী পদে নিয়োগের সময় মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। রাজ্যপাল রামনরেশ, তাঁর ছেলে শৈলেশ যাদবসহ ৭০ জনের বিরুদ্ধে এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে।
এই নিয়োগের ব্যাপারে রাজ্যপাল তাঁর লেটারহেড প্যাডে চাকরি প্রাপকদের নাম সুপারিশ করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হলে মন্ত্রণালয় তাঁকে পদত্যাগ করার নির্দেশ দেয়।