দূরদর্শনে আরএসএস-প্রধানের ভাষণে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আজ শুক্রবার বিজয়া দশমীর দিনে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শনে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএ) প্রধান মোহন ভগবতের ভাষণ সরাসির সম্প্রচার করা হয়েছে। পাশাপাশি সংগঠনটির সদস্যদের কুচকাওয়াজ সম্প্রচার করা হয়।

এ নিয়ে দেশটিতে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, জনগণের করের টাকায় চলা দূরদর্শনে কেন আরএসএসের মতো সংগঠনের কর্মসূচি সম্প্রচার করা হলো?

এই প্রথম আরএসএসের প্রধান কার্যালয় মহারাষ্ট্রের নাগপুর থেকে সরাসরি সম্প্রচার করা হয় মোহন ভগবতের ভাষণ। ভাষণে তিনি দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রশংসা করেন।

দূরদর্শনে মোহন ভগবতের ভাষণ সম্প্রচারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস এবং বাম দল সিপিএম ও সিপিআই। তবে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএস-প্রধানের ভাষণকে স্বাগত জানিয়েছেন।