দূষণরোধে 'কার ফ্রি ডে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূষণরোধে আয়োজিত সাইকেল র‍্যালিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
দূষণরোধে আয়োজিত সাইকেল র‍্যালিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দূষণরোধে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ সময়ের সবচেয়ে বড় চর্চার বিষয় ‘কার ফ্রি ডে’ (গাড়িমুক্ত দিবস)। গত রোববার দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা অঞ্চলের এক বিশাল এলাকা স্বেচ্ছায় যানমুক্ত হওয়ার পর উৎফুল্ল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দেন—নতুন বছরের ২২ জানুয়ারি গোটা দিল্লিজুড়েই কার ফ্রি ডে। তিনি বলেন, ব্যক্তিগত গাড়ি না চালিয়ে সরকারি যানে চেপে আসা-যাওয়া করার অভ্যাস ক্রমশ একটা আন্দোলনে রূপ দিতে হবে।
দিল্লির দূষণের মাত্রা দিন দিন অসহনীয় হয়ে উঠছে। মাত্রাতিরিক্ত এই দূষণ জন্ম দিচ্ছে মরণব্যাধিসহ নানা ধরনের অসুখের। দূষণ রোধে ডিজেলচালিত বাস তুলে দেওয়া, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজিচালিত অটোরিকশা চালু এবং দূষণমুক্ত পেট্রল ব্যবহার বাধ্যতামূলক করার পরও দূষণ কমেনি।
আর এই না কমার অন্যতম প্রধান কারণ অত্যাধিক গাড়ির সংখ্যা। মুম্বাই, কলকাতা ও চেন্নাইয়ে যত গাড়ি চলে, দিল্লিতে প্রতিদিন চলে তার চেয়েও বেশি। প্রায় ৯০ লাখ গাড়ি প্রতিদিন রাজধানী এবং এর লাগোয়া অঞ্চলে চলাচল করে।
দিল্লির লাগোয়া হরিয়ানার গুড়গাঁও এলাকায় গত ২২ সেপ্টেম্বর কার ফ্রি ডে পালিত হওয়ার পরই দিল্লির পরিবহনমন্ত্রী গোপাল রাই ঘোষণা করেন, প্রতি মাসের ২২ তারিখে দিল্লি এবং এর লাগোয়া একেকটি এলাকায় কার ফ্রি ডে পালিত হবে। সে অনুযায়ী ২২ অক্টোবর দিল্লির রেডফোর্ট এলাকায় এবং পরে গত রোববার দ্বারকা এলাকার বাসিন্দারা দিবসটি পালন করেন। ২২ ডিসেম্বর পূর্ব দিল্লির কিছু এলাকায় পালিত হবে এই কার ফ্রি ডে। আর ২২ জানুয়ারি গোটা দিল্লিজুড়ে।
ব্যক্তিগত যান ব্যবহার না করলে দূষণের মাত্রা কতটা কমে তার একটি হিসাব দিয়েছেন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের (সিএসই) কার্যনির্বাহী পরিচালক অনুমিতা রায়চৌধুরী। তাঁর হিসাবে, গত রোববার যে এলাকায় কার ফ্রি ডে পালিত হলো, সেখানে দূষণের মাত্রা (পিএম ২.৫) প্রতি কিউবিক মিটারে কমে দাঁড়ায় ৩৩৫ মাইক্রোগ্রাম। ওই একই সময় ১০ কিলোমিটার দূরের এলাকায় দূষণের মাত্রা ছিল ৬৪৫ মাইক্রোগ্রাম।
দূষণ রোধে সরকারি যানচলাচল বাড়ানোর ওপর সরকার যেমন গুরুত্ব দিচ্ছে, তেমনই সচেতন মানুষ ও বিভিন্ন সংগঠন জোর দিচ্ছে সাইকেল ব্যবহারের ওপর। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নিজে গত রোববার সাইকেল চালিয়ে দ্বারকা যান। সঙ্গী হিসেবে ছিলেন অন্য মন্ত্রীরাও।