দেওয়ালির পর ধোঁয়ায়-ধুলায় আচ্ছন্ন দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ-বাতাস ভারী ধোঁয়াশায় ভরে আছে। ইন্ডিয়া গেটের সামনে টহল দিচ্ছেন জনা তিনেক প্রহরী। সর্বশেষ দেওয়ালি উৎসবে প্রচুর আতশবাজি পোড়ানোর ফলে শহরে ধোয়াচ্ছন্নতা বেড়েছে। উচ্চ মাত্রায় বায়ু দূষণ নিয়ে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) গতকাল এক প্রতিবেদনের মাধ্যমে সতর্কবার্তা দিয়েছে। গতকালের ছবি l রয়টার্স
ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ-বাতাস ভারী ধোঁয়াশায় ভরে আছে। ইন্ডিয়া গেটের সামনে টহল দিচ্ছেন জনা তিনেক প্রহরী। সর্বশেষ দেওয়ালি উৎসবে প্রচুর আতশবাজি পোড়ানোর ফলে শহরে ধোয়াচ্ছন্নতা বেড়েছে। উচ্চ মাত্রায় বায়ু দূষণ নিয়ে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) গতকাল এক প্রতিবেদনের মাধ্যমে সতর্কবার্তা দিয়েছে। গতকালের ছবি l রয়টার্স

দেওয়ালি উৎসবের পরদিন ভারতের রাজধানী দিল্লি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে করে শহরবাসীর মধ্যে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।
দেওয়ালি বা দীপাবলি উৎসবে শহরে প্রচুর আতশবাজি পোড়ানো হয় এবং আলো প্রজ্বালন করা হয়। আর এর থেকেই শহর ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে এবং বাতাস অনেক বেশি দূষিত হয়ে পড়েছে।
গতকাল সোমবার সকালে ঘুম থেকে উঠে দিল্লিবাসী দেখতে পান, চারদিক ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। ফলে সড়কে গাড়ি চালাতেও বেগ পেতে হয়। কর্তৃপক্ষ বাসিন্দাদের পারতপক্ষে বাড়ি থেকে বের না হতে পরামর্শ দিয়েছে।
দিল্লি এমনিতেই পৃথিবীর অন্যতম দূষিত শহর। বিশেষ করে বছরের এ সময়টাতে সেখানে বাতাসে দূষণের মাত্রা ব্যাপক হারে বেড়ে যায়। আর এ বছর দেওয়ালি উৎসবে বাতাসে দূষণের মাত্রা রেকর্ড ছাড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাতাসে ধূলিকণার মাত্রার নিরাপদ সীমা ধরা হয় প্রতি কিউবিক মিটারে ১০০ মাইক্রোগ্রাম। কিন্তু এবার দিল্লিতে ধূলিকণার মাত্রা প্রতি কিউবিক মিটারে ১ হাজার মাইক্রোগ্রাম পর্যন্ত পৌঁছেছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পরিবেশবাদীরা।
ভারতের বাতাসের মান নির্ণায়ক ও গবেষণা সংস্থার (সাফার) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গুফরান বেগ বলেন, গত রোববার রাতে দেওয়ালির সময় পরিস্থিতি ছিল খুবই খারাপ। ধোঁয়ার ৬০-৭০ শতাংশই সৃষ্টি হয়েছে আতশবাজি থেকে। সংস্থাটির ওয়েবসাইটে এক স্বাস্থ্যবার্তায় বলা হয়, বিদ্যমান পরিস্থিতি স্বাস্থ্যের জন্য মারাত্মক ‘ঝুঁকিপূর্ণ’, বিশেষ করে শ্বাসনালির জন্য। জনসাধারণের যতটা সম্ভব বাইরের কাজ এড়িয়ে চলা উচিত। বয়স্ক ও শিশু এবং যাদের ফুসফুসের সমস্যা আছে, তাদের ঘরের মধ্যে থাকা এবং কম কর্মকাণ্ড করা উচিত।