দেবতা হনুমান 'দলিত'!

এ এক অবাক করা মন্তব্য! হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা হনুমানজিকে একেবারে ‘দলিত’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছেন বিজেপি শাসিত ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেছেন, বজরঙ্গবলী (হনুমানজি) ‘দলিত’। যোগী আদিত্যনাথের এই মন্তব্যের পর খেপে গেছেন হিন্দু ধর্মগুরুরা।
দাবি তুলেছেন, এই মন্তব্যের জন্য তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। তবে আদিত্যনাথের মন্তব্য এমন নয় বলে দাবি করেছে বিজেপি।
সম্প্রতি ভারতের রাজস্থানে একটি সভায় যোগ দিয়ে যোগী আদিত্যনাথ এ মন্তব্য করেন। এ সময় নিজেকে ‘লোক দেবতা’ ও ‘বঞ্চিত’ বলেও মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্যে খেপে গিয়ে হিন্দু ধর্মগুরু শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী বলেন, ‘ঘোর অপরাধ করেছেন যোগী। বজরঙ্গবলী কবে আবার দলিত ছিলেন?’
রাজস্থানের ‘সর্ব ব্রাহ্মণসভা’ আইনি নোটিশ দিয়ে যোগীকে বলেছেন, তিন দিনের মধ্যে এ জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। হিন্দু ধর্মগুরুরা বলেছেন, ‘হনুমানজি গোটা দুনিয়ার দেবতা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও পকেটে হনুমানজির ছবি রাখেন।’ আবার মহন্ত রাধেশ্যাম তিওয়ারি বলেছেন, ‘হনুমানজি দলিত ছিলেন শাস্ত্রে কোথাও নেই।’
আদিত্যনাথের এই মন্তব্যে বিব্রত বিজেপিও। রাজস্থানে রাজ্য বিধানসভার নির্বাচনের প্রাক্কালে এই মন্তব্য মেনে নিতে পারছে না তারাও। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিজেপি নেতারা বলেন, যোগী এ কথা বলেননি। তিনি বজরঙ্গবলীকে ‘আদিবাসী’ বা ‘বনবাসী’ বলেছিলেন। আবার বলেছেন, হনুমানজি দলিত-বঞ্চিতদের একত্র করেছেন। শ্রোতারা ভুল বুঝেছেন।
তবে বিজেপি নেতাদের এই যুক্তি মানছেন না বিরোধীরা। কংগ্রেসের কেন্দ্রীয় নেতা অশোক গেইলট বলেছেন, ‘বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে ঘাবড়ে গেছে বিজেপি। হনুমানজিরও জাত বিচার করছে তারা?’
এ ঘটনায় ক্ষুব্ধ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, এর জবাব দিতে পারবেন যোগী। তবে বিরোধীরা বলেছেন, ‘বিজেপি উচ্চবর্ণের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল। তাঁরা এখন রাজনীতির স্বার্থে উচ্চবর্ণের সঙ্গে দলিতদের একসূত্রে গাঁথতে গিয়ে ভুল তাস খেলেছেন।’