দেশ–গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী কংগ্রেস জরুরি: সোনিয়া

দেশের সার্বিক অবস্থা কেমন, তা ব্যাখ্যা করে সোনিয়া বলেন, ‘আমাদের সামনের দিনগুলো আরও কঠিন ও চ্যালেঞ্জিং। একাগ্রতা, সংকল্প ও সহনশীলতা পড়তে চলেছে কঠিন পরীক্ষার মুখে।’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী
ফাইল ছবি

সর্বস্তরে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, কংগ্রেসের পুনরুজ্জীবিত ও শক্তিশালী হওয়া সমাজ ও দেশের জন্য অপরিহার্য। দেশ ও গণতন্ত্রের স্বার্থে এটাই আজকের চাহিদা।

কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে যোগ দিয়ে গতকাল মঙ্গলবার সকালে এই কথা জানিয়ে সোনিয়া বলেন, ‘সম্প্রতি পাঁচ রাজ্যে দলের বিপর্যয় বেদনাদায়ক। আপনারাও এ জন্য কতটা কষ্ট পেয়েছেন, কতটা হতাশ, আমি বুঝি। আমাদের একাত্মতা ও সহনশীলতা পরীক্ষার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা।’ তিনি বলেন, দলকে কীভাবে শক্তিশালী করে তোলা যায়, সে সম্পর্কে অনেকেই অনেক পরামর্শ দিয়েছেন, প্রস্তাব রেখেছেন। সেগুলোর অনেক কিছু বাস্তবায়িত করতে তিনি সচেষ্ট। দলকে জোরদার করে তুলতে যা কিছু প্রয়োজন, তা করতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

এই সব প্রস্তাবের প্রসঙ্গ উত্থাপনের মধ্য দিয়ে সোনিয়া স্পষ্টতই দলের বিক্ষুব্ধ গোষ্ঠী, যারা ‘জি-২৩’ নামে ইতিমধ্যেই পরিচিত, তাদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করেছেন। তাদের প্রস্তাব যে তিনি গুরুত্বসহকারে বিবেচনা করছেন, তা বুঝিয়ে সোনিয়া ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন। মানসিক দিক দিয়ে সোনিয়া বরাবর সবাইকে সঙ্গে নিয়ে চলার পক্ষপাতী। গতকালের ভাষণেও তিনি তার ওপরেই জোর দেন। বলেন, ‘ওয়ার্কিং কমিটির বৈঠকে নির্বাচনী বিপর্যয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি আলাদাভাবেও অনেকের সঙ্গে কথা বলেছি। সংগঠনকে শক্তিশালী করার জন্য অনেক প্রস্তাব আমি পেয়েছি। সেগুলোর কিছু কিছু খুবই প্রাসঙ্গিক ও জরুরি। আমি তা রূপায়ণে চেষ্টা করছি।’ সোনিয়া বলেন, আত্মানুসন্ধানের জন্য একটা শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সবাই খোলাখুলি নিজের মত প্রকাশ করতে পারবেন, যাতে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়।

দেশের সার্বিক অবস্থা কেমন, তা ব্যাখ্যা করে সোনিয়া বলেন, ‘আমাদের সামনের দিনগুলো আরও কঠিন ও চ্যালেঞ্জিং। একাগ্রতা, সংকল্প ও সহনশীলতা পড়তে চলেছে কঠিন পরীক্ষার মুখে। এই কারণে একতাবদ্ধ থাকা একান্তই প্রয়োজনীয়। শুধু দলের জন্য নয়, আমাদের দেশ, সমাজ ও গণতন্ত্রের স্বার্থে তা অপরিহার্য।’ বিজেপির ‘বিভাজন ও মেরুকরণ’ নীতির নিন্দা করে তিনি বলেন, ‘এটাই ওই দলের বৈশিষ্ট্য। তারা দেশ, জাতি ও সমাজের ইতিহাস বিকৃত করছে। মিথ্যা তথ্য নির্মাণ করছে। মৈত্রী ও সম্প্রীতির বন্ধন নষ্ট করছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চুপ থাকতে বাধ্য করাচ্ছে। কংগ্রেসকে এসবের মোকাবিলা করতে হবে।’

সোনিয়ার কণ্ঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বানের দিনই তামিলনাড়ুর কংগ্রেস মুখপাত্র এ ভি নারায়ণনকে বহিষ্কার করা হয়। সম্প্রতি তিনি বলেছিলেন, দলের পুনরুজ্জীবনের স্বার্থে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সরে দাঁড়ানো উচিত। আর মমতা বন্দ্যোপাধ্যায়, জগনমোহন রেড্ডি, কে চন্দ্রশেখর রাও ও শারদ পাওয়ারের মতো নেতাদের কংগ্রেসে ফিরে আসা দরকার। একমাত্র তা হলেই কংগ্রেসের প্রতি মানুষ আস্থাশীল হবে।