দেশদ্রোহের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ছত্রধর মাহাতোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের একসময়ের আতঙ্ক মাওবাদী নেতা ছত্রধর মাহাতোসহ চারজনকে একটি দেশদ্রোহের মামলায় মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন মেদিনীপুরের জেলা ও দায়রা জজ।
২০০৯ সালের সেপ্টেম্বর মাসে জঙ্গলমহলে ‘পুলিশি সন্ত্রাসবিরোধী জনসাধারণের কমিটি’র নেতা ছত্রধর মাহাতোকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স। সেই থেকে ছত্রধর কারাগারে বন্দী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পশ্চিম মেদিনীপুরের কাটাপাহাড়ির একটি মাইন বিস্ফোরণ মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে দোষী সাব্যস্ত করা হয় ছত্রধর মাহাতোকে। এই মামলায় ছত্রধরের তিন সঙ্গী শম্ভু সরেন, সুখশান্তি বাস্কে ও শোভন মুর্মুকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ছত্রধর মাহাতো বামফ্রন্ট সরকারের আমলে জঙ্গলমহলে বামবিরোধী তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাঁড়িয়েছিলেন ছত্রধরের পক্ষে।