দেশদ্রোহের মামলায় সাংবাদিকের সুরক্ষার অধিকার রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সুপ্রিম কোর্ট
ছবি: এএফপি

ভারতের বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়ারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা খারিজ করেছেন সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছেন, ১৯৬২ সালের এক নির্দেশিকা অনুযায়ী দেশদ্রোহের মামলায় প্রত্যেক সাংবাদিকের সুরক্ষা পাওয়ার অধিকার আছে। মাত্র কদিন আগেই সুপ্রিম কোর্ট অন্য এক মামলার শুনানির সময় বলেছিলেন, দেশদ্রোহের সংজ্ঞা নতুনভাবে তৈরির প্রয়োজন দেখা দিয়েছে।

গত বছর দিল্লির দাঙ্গার সময় বিনোদ দুয়ারের তৈরি এক প্রতিবেদনের বিরোধিতা করে দেশদ্রোহের মামলা ঠুকেছিলেন বিজেপির এক নেতা। দুয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ভুয়া খবর সম্প্রচার করে দাঙ্গায় উসকানি দিয়েছেন। হিংসায় প্ররোচনা জুগিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত করেছেন। ওই মামলার পরই দুয়ার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

১০ বছরের অভিজ্ঞতা থাকা সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের না করার বিষয়ে সুপ্রিম কোর্টের প্রতি দুয়ারের আরেকটি আবেদন ছিল। কিন্তু বিচারপতি ইউইউ ললিত ও বিচারপতি বিনীত সরণের বেঞ্চ তা খারিজ করে দেন। তাঁদের যুক্তি, এমন নির্দেশ আইনি প্রক্রিয়াকে বিঘ্নিত করবে। মামলা খারিজ করতে গিয়ে ১৯৬২ সালের যে নির্দেশিকার কথা বিচারপতিরা উল্লেখ করেন, তাতে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করার অর্থ উন্নতির পথ বাতলানো। সেই সমালোচনার মধ্য দিয়ে আইন ভাঙা হয় না।

সুপ্রিম কোর্টের এ নির্দেশ সত্ত্বেও সাংবাদিকসহ বহু নাগরিক এখনো দেশদ্রোহের মামলায় আটক রয়েছেন। তাঁদের জামিন হচ্ছে না।