দেশলাই দিওয়ানা

শৈশব থেকেই দেশলাইয়ের মোড়ক মুগ্ধ করত তাঁকে। শখ থেকেই সংগ্রহের শুরু। এখন তাঁর সংগ্রহে সেই ১৮৯০ থেকে বর্তমান সময়ের আনুমানিক ২৫ হাজার দুষ্প্রাপ্য দেশলাইয়ের মোড়ক। তিনি দিল্লির গৌতম হিমাড়ি। তাঁর প্রায় পাঁচ হাজার দেশলাই মোড়ক নিয়ে ভারতে সম্প্রতি হয়ে গেল এক প্রদর্শনী।
কী করে এত দেশলাই মোড়কের সংগ্রাহক হলেন সে বিষয়ে গৌতম বলেন, ‘মূলত ২০১২ সাল থেকে একনিষ্ঠভাবে ভারতের দেশলাই বাক্স সংগ্রহ করা শুরু করলাম আমি। বিশ্বের সব সংগ্রহকারী, ব্যাপারী, নিলাম, খোলা বাজার থেকে শুরু করে চিন্তায় আসা যেকোনো স্থানই হয়ে উঠল আমার উৎস।’ একপর্যায়ে দেশলাই মোড়কের বিষয় তাঁকে এতটাই উৎসুক করল যে তাঁর সংগ্রহ বিষয়ভিত্তিক পদ্ধতির দিকে এগোল।
গৌতমের সাম্প্রতিক প্রদর্শনীর শিরোনাম ছিল ‘দেশলাই বাক্সের মোড়ক এবং এগুলোতে বলা কাহিনি’। এতে দেশলাইশিল্পের গোটা ইতিহাসের বিশেষ কিছু প্রবণতা ও বিষয় সামনে উঠে আসে। উঠে আসে দেশের ইতিহাসের ঘটনাপঞ্জিও। যেমন ১৯২০ থেকে ১৯৩০-এর দশকের ম্যাচের বাক্সগুলোতে ছিল স্বাধীনতার জন্য ভারতের সংগ্রামের ইতিহাস। আবার ১৯৫০-এর দশকের দেশলাই মোড়কে এগিয়ে নিয়ে যাওয়া হয় বলিউডের অনেক চলচ্চিত্রকে। সেই থেকেই হয়তো অভিনেতা-অভিনেত্রী ও চলচ্চিত্রের পোস্টার দেখা যায় এখনকার সময়ের মোড়কেও। এ ক্ষেত্রে গৌতমের ভাষ্য হলো, দেশলাই মোড়ক একসঙ্গে দেখলে তা ভিজ্যুয়াল ও জনপ্রিয় সংস্কৃতির বহিঃপ্রকাশ বলেই মনে হয়।