দেশে ফিরতে চায় আপন-আশিক

আপন হায়দার ও আশিক রাব্বি। দুজনই বাংলাদেশি কিশোর। দুষ্কৃতকারীরা সম্প্রতি এই দুই কিশোরকে অপহরণ করে কলকাতায় নিয়ে এসেছিল। অপহরণকারীদের হাত থেকে পালাতে পারলেও দেশে ফিরতে পারছে না এ দুই কিশোর। এখন বাংলাদেশের সরকারের সাহায্যের আশায় আছে আপন ও আশিক।
আশিক রাব্বির বয়স ১৩ বছর। আর আপন হায়দারের বয়স ১২ বছর। কলকাতা থেকে তাদের অন্য রাজ্যে পাচার করাই ছিল অপহরণকারীদের মূল উদ্দেশ্য। এখন দক্ষিণ ২৪ পরগনা জেলার হরিপুর আমরা সবাই উন্নয়ন সমিতির (হাসুস) হেফাজতে আছে এই দুই কিশোর।
হাসুসের তত্ত্বাবধায়ক বাবুসোনা পাইক প্রথম আলোকে বলেন, আশিক রাব্বির বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার শেখহাটি গ্রামে। তার বাবার নাম রবিউল মোল্লা। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে। তার বাবা কাঠমিস্ত্রির কাজ করেন। আশিক মাস দু-এক আগে গ্রামের একটি মেলায় গিয়েছিল। সেখানে পাঁচজন দুষ্কৃতকারী তার মুখে গামছা বেঁধে জোর করে নিয়ে আসে বেনাপোল সীমান্তে। এরপর সীমান্ত পার করে বনগাঁ রেলস্টেশনে এনে ট্রেনে করে তাকে নিয়ে আসা হয় রানাঘাট স্টেশনে। বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে যায় আশিক। ট্রেনে চেপে নামে শিয়ালদহ স্টেশনে। পরে শিয়ালদহের রেলওয়ের সংস্থা রেলওয়ে চাইল্ড লাইন আশিককে উদ্ধার করে তুলে দেয় রেল পুলিশের হাতে। রেল পুলিশ আশিককে পাঠিয়ে দেয় হাসুসে। ১৫ ডিসেম্বর থেকে আশিক বারুইপুরের লক্ষ্মীকান্তপুরের হাসুসের সেফহোমে রয়েছে।
হাসুসের তত্ত্বাবধায়ক বাবুসোনা পাইক আরও বলেন, আপন হায়দার জানিয়েছে যে তার বাড়ি যশোরের নাভারনের দক্ষিণ বুরুজবাগান গ্রামে। বাবা রাজু হোসেন মারা যাওয়ার পর থেকে আপন মানুষ হয় নানি সৈরন বিবির কাছে। ফলের দোকান করে সংসার চালান সৈরন বিবি। স্থানীয় একটি চটপটির দোকানে কাজ করত আপন। মাস খানেক আগে বেনাপোলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গেলে অপহরণের শিকার হয় আপন। অপহরণকারীরা তাকে ধরে নিয়ে যায় বনগাঁ রেলস্টেশনে। স্টেশন থেকে পালিয়ে যায় আপন, ট্রেনে করে চলে যায় শিয়ালদহ স্টেশনে। পরে রেলওয়ের চাইল্ড লাইন আপনকে উদ্ধার করে পাঠিয়ে দেয় বারুইপুরের হাসুসে। ১৯ ডিসেম্বর থেকে আপন থাকছে সেখানে।
আশিক ও আপন দুজনই এখন রয়েছে হাসুস হোমে। ওই দুই কিশোর বাংলাদেশে ফেরার অপেক্ষায় রয়েছে। বাবুসোনা পাইক বলেন, তারা চাইছে অবিলম্বে যেন তাদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হয়।