দেশে ফেরার স্বপ্ন দেখছেন বাংলাদেশি তরুণী
পাঁচ বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হোমে কাটানো বাংলাদেশের এক তরুণী এবার দেশে ফেরার স্বপ্ন দেখছেন।
গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গে হুগলির মহকুমা বিচার বিভাগীয় আদালত এই তরুণীকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এ জন্য বাংলাদেশ দূতাবাস ও ভারতীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই তরুণীর বয়স এখন ২৫ বছর। বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১০ সেপ্টেম্বর হুগলি জেলার চণ্ডীতলা থানাধীন চিরকুন্ডি এলাকায় ওই তরুণীকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তাঁকে আটক করে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, কাজের প্রলোভন দেখিয়ে বনগাঁ সীমান্তের রঞ্জিত সরকার নামের এক ব্যক্তি তাঁকে এখানে নিয়ে আসেন। এখানে আনার পরপরই ওই তরুণীকে তিনি বিক্রি করার উদ্যোগ নেন। তখন ওই তরুণী তাঁর হাত থেকে পালিয়ে আসেন। পরে রঞ্জিতকেও গ্রেপ্তার করে পুলিশ। আর হোমে পাঠিয়ে দেওয়া হয় ওই তরুণীকে। এর প্রায় পাঁচ বছর পর আদালত তাঁকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিলেন।