দেশের ভবিষ্যৎ কান্ডারি মমতা: শত্রুঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা
ছবি: ভাস্কর মুখার্জি

বলিউডের ‘খামোশ’খ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে লোকসভার সংসদ সদস্য হয়েছিলেন। ঠাঁই পেয়েছিলেন মন্ত্রিসভাতেও। এরপর বিজেপি ছেড়ে যোগ দেন কংগ্রেসে। কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে অংশ নিলেও জিততে পারেননি। এবার তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।

এ বিষয়ে গতকাল সোমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান শত্রুঘ্ন। সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশের ভবিষ্যৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি হবেন দেশের কান্ডারি। আমি তাঁর হাতকে শক্তিশালী করার জন্য তাঁর পাশে এসে দাঁড়িয়েছি।’

এর আগে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুঘ্নের মনোনয়নের ঘোষণা দেন। এক টুইট বার্তায় মমতা জানান, লোকসভার আসানসোলের শূন্য আসনে উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়বেন শত্রুঘ্ন।

১৯৪৬ সালে শত্রুঘ্নর জন্ম বিহারের পাটনায়। অভিনয়ে সক্রিয় থাকা অবস্থাতেই রাজনীতিতে যোগ দেন শত্রুঘ্ন। বিজেপির হয়ে দুইবার লোকসভার সংসদ সদস্য হয়েছিলেন বিহার থেকে। ছিলেন, অটল বিহারি বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রীও। এরপর তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

বিহারের মানুষ হলেও পশ্চিম বঙ্গে নির্বাচনে লড়তে সমস্যা হবে না বলে মনে করেন শত্রুঘ্ন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার জন্ম বিহারে। কিন্তু বাংলার প্রতি একটা আলাদা টান রয়েছে। বাংলা আমার পাশের রাজ্য। আমি বাংলার সিনেমায় অভিনয় করেছি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অন্তর্জলী যাত্রা ছবিতেও আমি অভিনয় করেছি। আসানসোল শুধু বাঙালি নয়, বিহার, ঝাড়খন্ডসহ অন্যান্য রাজ্য থেকে আসা মানুষের বাসভূমি।’

নির্বাচনে তাঁকে ‘বহিরাগত’ উল্লেখ করে প্রতিপক্ষ ফায়দা তুলতে চাইতে পারে—এমনটি মনে করেন শত্রুঘ্ন। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদাহরণ টেনে তিনি বলেন, ‘আসানসোলে আমি যদি বহিরাগত হই, তাহলে বারানসিতে কেন লড়াই করলেন মোদি? আমার চেষ্টা থাকবে মুখ্যমন্ত্রী মমতার পাশে থেকে এই বাংলার উন্নয়য়নের জন্য কাজ করা, নিজেকে উৎসর্গ করা।’

শত্রুঘ্ন যে আসনের হয়ে লড়তে যাচ্ছেন, সেই আসানসোলের সাংসদ ছিলেন বিজেপি নেতা ও সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়। বাবুল ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী। গত বছর মন্ত্রিসভা পুনর্গঠনের সময় বাবুল সুপ্রিয়সহ এই রাজ্যের দুই মন্ত্রীকে বাদ দিয়ে বিজেপির অন্য চার সাংসদকে মন্ত্রিসভায় যুক্ত করে। এতে ক্ষুব্ধ হয়ে বাবুল মন্ত্রী এবং সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়েন। ফলে শূন্য হয় আসানসোলের লোকসভার আসন।

আরও পড়ুন