দোষী সাব্যস্ত ১২ সাজা ঘোষণা সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে ২০০৬ সালে যাত্রীবাহী ট্রেনে সিরিজ বোমা হামলার ঘটনায় ১২ জনকেই দোষী সাব্যস্ত করেছেন দেশটির এক আদালত। সোমবার তাঁদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে। গতকাল শুক্রবার মুম্বাইয়ের একটি আদালত এ রায় ঘোষণা করেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও বিবিসির।
২০০৬ সালের ১১ জুলাই মুম্বাইয়ে ট্রেনের সাতটি কামরায় মাত্র ১৫ মিনিটের ব্যবধানে সিরিজ বোমা হামলায় ১৮৯ জন নিহত হন। আহত হন আট শরও বেশি মানুষ।
এ মামলায় ১৩ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল। তবে গতকাল আদালত তাঁদের মধ্যে একজনকে বেকসুর খালাস দেন। দোষী সাব্যস্ত ব্যক্তিদের ফাঁসি কিংবা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতে পারে। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রাজা ঠাকরে সাংবাদিকদের বলেন, ‘মুম্বাইয়ের মানুষ ন্যায়বিচার পেয়েছে। তাঁদের সর্বোচ্চ শাস্তিই আশা করছি।’
২০০৭ সালের জুনে এ মামলার বিচারিক কাজ শুরু হয়। অবশেষে এর রায় হলো গতকাল।