দৌড়ে বিয়ে করতে এলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের আয়োজন নিয়ে বর ও কনে-উভয় পক্ষই থাকে দৌড়ের ওপর। এই দৌড় ব্যস্ততার। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। ভারতের অনন্ত ত্রিবেদী নামের এক বর ম্যারাথন দৌড়াতে দৌড়াতে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে সেখানেই বিয়েটা সম্পন্ন করে ফেলেছেন।

পিটিআইয়ের আজ সোমবারের খবরে বলা হয়েছে, রাজস্থানের জয়পুরের একটি কলেজ থেকে পাস করা প্রকৌশলী অনন্ত ত্রিবেদী। তবে এখন কর্ণাটকের বেঙ্গালুরুতে রেস্তোরাঁ ব্যবসা করেন। ম্যারাথন দৌড়ের শখ আছে তাঁর। সেই শখ পূরণের অংশ হিসেবে তিনি এইউ জয়পুর হাফ ম্যারাথনে অংশ নেন। ম্যারাথনের পাশাপাশি বাগ্‌দত্তা কবিতা বাতরার সঙ্গে বিয়েটাও সেরে ফেলেন তিনি। কবিতা যখন দিল্লিতে কাজ করতেন, তখন অন্য বন্ধুদের সূত্রে তাঁর সঙ্গে পরিচয় অনন্তের। সে থেকে প্রেম, আর এখন বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন।

তবে ৩১ বছর বয়সী অনন্তের সঙ্গে ২৮ বছর বয়সী কবিতার বিয়েটা সংবাদমাধ্যমে এসেছে অন্য কারণে। তাদের বিয়েটা হয়েছে ম্যারাথন সম্পন্ন করার যে লাইন, সেখানে, অনেকটা বাধ্য হয়ে। তাঁরা দুজন দুই স্থানে থাকেন। তিন বছর ধরে বিয়ের তারিখ ঠিক করার চেষ্টা করছিলেন তাঁরা, কিন্তু হচ্ছিল না। কোনো না কোনো ঝামেলা বিয়েটা পিছিয়ে যাচ্ছিল বারবার। অবশেষে একটা বুদ্ধি বের করলেন দুজনে। ম্যারাথন দৌড়ে অংশ নিতে জয়পুর আসবেন অনন্ত, আর কবিতা ম্যারাথন দৌড় শেষ হওয়ার লাইনে অপেক্ষা করবেন।

যেমন ভাবনা, তেমন কাজ। এভাবে বিয়ে করার অনুভূতি প্রকাশ করে অনন্ত বলেন, এটা খুবই আনন্দের ঘটনা। ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে আমি আনন্দিত। এটা আমার জীবনের সেরা দিন। একই সঙ্গে আমি মনে করি, এভাবে আমাদের বিয়ে করার ঘটনা সমাজে এই বার্তা দেবে যে সুস্বাস্থ্যের জন্য হাঁটা অনেক উপকারী।’