দ্বিতীয় দফাতেও সংঘর্ষ, শাসক দলের সন্ত্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্ত সংঘর্ষ, জাল ভোট, শাসক তৃণমূল কংগ্রেসের সমর্থকদের কেন্দ্র দখল—এসবের মধ্য দিয়ে গতকাল সোমবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছে বাম, কংগ্রেস ও বিজেপি। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে গতকাল বিকেলে কলকাতায় নির্বাচন কমিশন দপ্তরের সামনে বিক্ষোভ করে।
প্রথম পর্বের নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গাফিলতি নিয়ে বিরোধীরা সরব হয়েছিল। গতকালের নির্বাচনে নিরাপত্তা বাহিনীর গাফিলতির সেই পুরোনো চিত্র আবার দেখা গেছে। সকালে বোমাবাজি হয়েছে রসুলপুরে। পাত্রসায়রে বন্দুকধারীরা মহড়া দিয়েছে ভোটকেন্দ্রের সামনে। ভয়ভীতি দেখিয়েছে বিভিন্ন কেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করেছেন শাসক দলের নামধারী সমর্থকেরা। জামুরিয়ায় বাম-কংগ্রেস জোটের অন্তত ১০ জন পোলিং এজেন্টকে মারধর করেছেন শাসক দলের সমর্থকেরা। বিজেপির পোলিং এজেন্টদেরও বিভিন্ন বুথে মারধর করা হয়েছে। দুর্গাপুরে শাসক দলের বাইক বাহিনী ভোটারদের মনে ভীতির সঞ্চার করার জন্য ভোটকেন্দ্রে মহড়া দিয়েছে। শাসক দলের নেতা-কর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে খবরদারি করেছেন। সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র তাঁর কেন্দ্রের বিভিন্ন ভোটকেন্দ্রে গেলে তৃণমূলের সমর্থকেরা তাঁকেও ঘেরাও করেন।
গতকাল সূর্যকান্তের পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় আসনে ভোট হয়। ভোট গ্রহণ হয় কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি, সাবেক মন্ত্রী ও বিধায়ক মানস ভূঁইয়ার পশ্চিম মেদিনীপুরের সবং আসনে।
গতকাল ভোট গ্রহণ হয় তিনটি জেলার ৩১টি আসনে। এর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ১৩টি, বাঁকুড়া ও বর্ধমানের নয়টি করে জেলায়। ৪ এপ্রিল প্রথম দফার প্রথম পর্বে ভোট নেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার ১৮টি আসনে। দ্বিতীয় পর্বে প্রার্থীসংখ্যা ছিল ১৬৩। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ২১ জন। তৃণমূলের প্রার্থী ছিলেন সব আসনে। বাম দলের ২২ জন, কংগ্রেসের ৮, ডিএসপির একজন ও স্বতন্ত্র ৪৬ জন।