দ্বিতীয় দফার ভোটে আজ নির্ধারিত হবে সূর্যকান্তের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ সোমবার। এ পর্বে ভোট নেওয়া হবে তিনটি জেলার ৩১টি আসনে। ভাগ্য নির্ধারণ হবে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি, সাবেক মন্ত্রী ও বিধায়ক মানস ভূঁইয়ার।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার ১৩টি, বাঁকুড়ার ৯টি এবং বর্ধমান জেলার ৯টি আসনে ভোট নেওয়া হবে। প্রথম পর্বের নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গাফিলতি নিয়ে বিরোধীরা সরব হওয়ায় নির্বাচন কমিশন বলেছে, দ্বিতীয় দফার ভোট আরও অবাধ ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশন বলছে, আজকের ভোটে কোনো কেন্দ্রে পুলিশ প্রবেশ করতে পারবে না। তারা থাকবে ভোটকেন্দ্রের বাইরের নিরাপত্তার দায়িত্বে। কেন্দ্রীয় বাহিনীই ভোটকেন্দ্রে থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে।
এদিকে আজকের ভোটে গুরুত্বপূর্ণ প্রার্থীর ভাগ্য নির্ধারণের কথা বললে প্রথমেই আসবে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের নাম। তিনি লড়ছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় কেন্দ্র থেকে। সূর্যকান্ত মিশ্র ২০১১ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকেই সিপিএমের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। তবে পরে লোকসভা নির্বাচনে এই আসনে সিপিএম হেরেছিল। এবার, তীব্র চ্যালেঞ্জের মুখে পড়া সূর্যকান্ত মিশ্র শনিবার এলাকায় এক বিরাট মিছিল করেন। এর আগে এই কেন্দ্রে গিয়ে তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের কাছে আবেদন জানান সূর্যকান্তকে ভোট না দেওয়ার। এ ছাড়া পশ্চিম মেদিনীপুরের সবং কেন্দ্র থেকে লড়াই করা কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি, সাবেক মন্ত্রী ও বিধায়ক মানস ভূঁইয়ার ভাগ্যও আজকের ভোটেই নির্ধারিত হবে।