প্রথম দফার দুই পর্বের ভোটে সহিংসতা এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগের পর নির্বাচন কমিশন (ইসি) কঠোর নজরদারির পদক্ষেপ নিয়েছে। এর মধ্যেই আজ রোববার ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন হচ্ছে। আজ সাত জেলার ৫৬ আসনে ভোট গ্রহণ করা হচ্ছে।
নির্বাচন কমিশন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নজরদারির মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কয়েকটি এলাকা থেকে পুলিশের কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
আজ রাজ্যের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং বীরভূম জেলার ৫৬টি আসনে নির্বাচন হচ্ছে।
আজকের নির্বাচনের প্রার্থী এবং তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে প্রতিপক্ষের প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে গতকাল শনিবার দিনভর নজরদারির মধ্যে রাখা হয়।
বৃহস্পতিবার রাতেই নির্বাচন কমিশন বীরভূমের পুলিশ সুপার মুকেশ কুমারসহ বোলপুর, লাভপুর ও ময়ুরেশ্বরের ওসিকে সরিয়ে দিয়েছে। আজকের নির্বাচনে ভাগ্যপরীক্ষা হবে বেশ কয়েকজন তারকা প্রার্থীর। এর মধ্যে অভিনেত্রী লকেট চেট্টাপাধ্যায় ছাড়াও আছেন তৃণমূল প্রার্থী মন্ত্রী গৌতম দেব, বাম-কংগ্রেস জোট প্রার্থী অশোক ভট্টাচার্য এবং তৃণমূল প্রার্থী প্রখ্যাত ফুটবলার ভাইচুং ভুটিয়া, বিজেপি প্রার্থী অভিনেতা জয় ব্যানার্জি প্রমুখ।