দ্বিতীয় দিনেও রাহুলকে জেরা দুই দফায়
ন্যাশনাল হেরাল্ড মামলায় মঙ্গলবার দ্বিতীয় দিনেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জেরা করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবারের মতো মঙ্গলবারও দিল্লির আকবর রোডে কংগ্রেস সদর দপ্তরসহ গোটা তল্লাটে ছিল পুলিশি তৎপরতা।
নিরাপত্তার নামে ছিল ব্যারিকেডের ছড়াছড়ি। যাতে রাহুলের ইডি অফিসে যাওয়ার সময় কংগ্রেস নেতা-কর্মীরা বিক্ষোভে শামিল না হতে পারেন। কিন্তু তবু সোমবারের মতো মঙ্গলবারও বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস সমর্থক ও কর্মীরা। আগের দিনের মতো মঙ্গলবারও চলে ব্যাপক ধরপাকড়।
রাহুল সকাল সাড়ে নয়টা নাগাদ চলে আসেন ২৪ আকবর রোডে কংগ্রেস দপ্তরে। সঙ্গী ছিলেন বোন প্রিয়াঙ্কা। পার্টি অফিসে বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে তিনি এ পি জে আবদুল কালাম রোডে ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন। ইডি অফিসের চার ধারে জারি হয় ১৪৪ ধারা, যাতে নেতা-কর্মীরা জমায়েত হতে না পারেন। এর আগে থেকেই কংগ্রেস অফিস ঘিরে ফেলে দিল্লি পুলিশ। এর ফলে বহু নেতা ও কর্মী দলীয় দপ্তরে ঢুকতে পারেননি।
সোমবার রাহুলের জেরা চলেছিল প্রায় ১১ ঘণ্টা। দুই দফায়। ইডি ও কংগ্রেস সূত্রের খবর, জেরার সময় রাহুলকে কিছু লিখিত প্রশ্ন দেওয়া হয়। বলা হয় লিখিত জবাব দিতে। জেরা পর্ব ভিডিও চিত্র করা হয়। মঙ্গলবার জেরা শুরু হয় দুপুর পৌনে ১২টায়। বেলা তিনটার পর তিনি চলে যান মধ্যাহ্নভোজের জন্য। দ্বিতীয় দফার জেরার জন্য তিনি ইডি দপ্তরে আসেন বিকেল পৌনে পাঁচটায়।
দলীয় সূত্রের খবর, সোমবারের জেরা প্রধানত ছিল ন্যাশনাল হেরাল্ড পত্রিকার দায়দায়িত্ব ও অর্থ লেনদেন সম্পর্কিত। কীভাবে কংগ্রেসের টাকায় পত্রিকাটি চলত, প্রকাশনা বন্ধ হয়ে যাওয়ার পর পত্রিকার অ্যাসেট কীভাবে ব্যবহৃত হতো, ট্রাস্টের সদস্যদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক, মোট সম্পত্তির পরিমাণ ইত্যাদি বিষয়। গান্ধী পরিবারের বিরুদ্ধে অভিযোগ, একদা কংগ্রেসের সম্পত্তি ন্যাশনাল হেরাল্ড গান্ধী পরিবার কুক্ষিগত করেছে। এ–সংক্রান্ত যাবতীয় লেনদেন হয়েছে বেআইনিভাবে।
কংগ্রেস বারবার দৃঢ়ভাবে এই অভিযোগ খণ্ডন করে এসেছে। রাহুল লিখিতভাবে প্রশ্নের জবাবে কী জানিয়েছেন, সে বিষয়ে ইডি কোনো মন্তব্য করেনি।
মঙ্গলবার রাহুলের জেরা শুরুর আগে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, দেশে যাঁরাই বিজেপির বিরুদ্ধে মুখ খুলছেন, তাঁদের প্রত্যেকের পেছনে সরকার লেলিয়ে দিচ্ছে ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাকে।
বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এ রকম পাঁচ হাজার মামলা তারা দায়ের করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা ধার করে তিনি বলেন, ‘ক্রনোলজি বুঝতে হবে। কেন রাহুল গান্ধী? কেন সোনিয়া গান্ধী? কেন কংগ্রেস? কারণ, রাহুল-সোনিয়া সব অপ্রিয় সত্য তুলে ধরছেন। রাহুল চীনা আগ্রাসন নিয়ে কঠিন সত্য প্রকাশ করেছেন। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন। কোভিড মোকাবিলায় সরকারের লেজেগোবরে হয়ে যাওয়ার সমালোচনা করেছেন। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র দেশে-বিদেশে তুলে ধরেছেন। কৃষক বিক্ষোভকে সমর্থন করে তাঁদের পাশে দাঁড়িয়েছেন। বিজেপির সাম্প্রদায়িক চরিত্র উদ্ঘাটন করে দিচ্ছেন।
সুরজেওয়ালা বলেন, সরকার রাহুলকে ভয় পায়। কংগ্রেসকে ভয় পায়। তাই তাঁরা সরকারের লক্ষ্য। ন্যাশনাল হেরাল্ডের অর্থ নয়ছয়ের অভিযোগ প্রতিশোধের রাজনীতি ছাড়া আর কিছুই নয়।
সুরজেওয়ালা আরও বলেন, বারবার প্রমাণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বন্ধু শিল্পপতিদের এজেন্ট। রাফায়েল যুদ্ধবিমান যেমন তার প্রমাণ, তেমনই প্রমাণ শ্রীলঙ্কার বিদ্যুৎকেন্দ্রের বরাত আদানি গোষ্ঠীকে পাইয়ে দেওয়ার জন্য তাঁর তদবিরের কাহিনি।
কংগ্রেসের ক্রনোলজির জবাবে বিজেপির মুখপাত্র সংবিৎ পাত্র মঙ্গলবার বলেন, ক্রনোলজি হলো দুর্নীতির। ক্রনোলজি হলো যা ছিল দেশের সম্পত্তি, এজিএল ও ইয়ং ইন্ডিয়ার বোঝাপড়ার মধ্য দিয়ে তা হয়ে গেছে গান্ধী পরিবারের।
আক্রমণাত্মক সুরজেওয়ালাও বিজেপিকে লক্ষ্য করে বলেন, কংগ্রেসে বা বিরোধী দলে থাকাকালে যাঁরা ছিলেন ‘দুর্নীতিগ্রস্ত’, বিজেপিতে যোগ দিয়ে তাঁরাই ধোয়া তুলসী পাতা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে তাই ইডি-সিবিআই ছোঁয় না। পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ থাকলেও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে সমন পাঠানো হয় না। সমন যায় না নারায়ণ রানের কাছে। রমণ সিংয়ের কাছে। কিংবা মুকুল রায়, সুখেন্দু অধিকারীদের কাছে। বিজেপিতে যোগ দিলে সব পরিষ্কার।
একই সুরে প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম মঙ্গলবার বলেন, ন্যাশনাল হেরাল্ড নিয়ে কেউ কোনো এফআইআর দাখিল করেনি। অথচ ইডি জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু করেছে। দেখেশুনে মনে হয়, ইডির বিচার্যের পরিধিতে বিজেপি নেই। আজ পর্যন্ত বিজেপির কাউকে তাদের সমন জারি করতে দেখা গেল না!