
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভারতে সাম্প্রদায়িক চেতনা মাথাচাড়া দিয়ে উঠেছে। পরিস্থিতি এমন হয়েছে যে ধর্মনিরপেক্ষতা শব্দটিকে খারাপ কথা হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রখ্যাত এ অর্থনীতিবিদ বলেন, ভবিষ্যতে গণতন্ত্র ও স্বাধীনতা শব্দ দুটির এ অবস্থা হতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন অমর্ত্য সেন। কলকাতায় গতকাল শনিবার নেতাজি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অমর্ত্য সেন বলেন, ‘আমার মনে হয় না দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মধ্যে মুসলিম, খ্রিষ্টান বা পারসিদের নিয়ে কোনো বিদ্বেষ রয়েছে। আমি মনে করি, এগুলো রাজনৈতিক এজেন্ডার অংশ। নেতাজির দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করে আমাদের সবাইকে একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’
অমর্ত্য সেন আরও বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে নেতাজির আদর্শের বাস্তবায়ন জীবনের সব ক্ষেত্রে দরকার। সমতা ও ন্যায়বিচার নিয়ে নেতাজির আদর্শ এখনকার দিনের উদাহরণ হতে পারে। আমার মনে হয়, স্বাধীন ভারতের কোনো সরকার তাঁর আদর্শকে ধারণ বা এর বাস্তবায়ন করেনি। বর্তমান সরকার এর বাস্তবায়ন করছে সবচেয়ে কম।’