ধর্মভিত্তিক রাজনীতিতে তৃণমূল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে এমনটা ছিল না। এখন ধর্মভিত্তিক রাজনীতিতে ঝুঁকছে অনেক দল। বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলরা এত দিন রাজ্যজুড়ে পালন করত রামনবমী উৎসব, হনুমানজয়ন্তীসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। এবারও সেই প্রথার পরিবর্তন হয়নি পশ্চিমবঙ্গে। সম্প্রতি বিজেপি রাজ্যজুড়ে পালন করেছে রামনবমী। আর কাল শনিবার তারা পালন করতে যাচ্ছে হনুমানজয়ন্তী। রামভক্ত হনুমানের জন্মজয়ন্তী উৎসব। এবার এই রামনবমী ও হনুমানজয়ন্তীতে ভাগ ভাগ বসাচ্ছে তৃণমূল কংগ্রেস।

গত রোববার ঘটা করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও পালন করেছে রামনবমী উৎসব। মোটরসাইকেল মিছিলের মাধ্যমে তারা এ উৎসব করে। তবে তারা সঙ্গে কোনো অস্ত্র রাখেনি। অন্যদিকে বিজেপি এবং তাদের অঙ্গ দল রামনবমী পালন করেছে অস্ত্র হাতে মিছিল করে। এর ফলে অস্ত্রহীন আর অস্ত্রসহ দুই দলের মিছিলে অশান্ত হয়ে পড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান। এর জেরে সংঘর্ষে ইতিমধ্যে মৃত্যু হয়েছে চারজনের। এখনো সেই জের চলছে পশ্চিমবঙ্গের আসানসোল ও দুর্গাপুরে। বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা হয়েছে আসানসোলে। সেটি বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়র নিজের কেন্দ্র। আসানসোল ও রানীগঞ্জ আজ থমথমে।

কাল শনিবার রাজ্যে ঘটা করে হনুমানজয়ন্তী পালন করার উদ্যোগ নিয়েছে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, অঞ্জানি পুত্রসেনাসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন। বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিমবঙ্গের মুখপাত্র সৌরিশ মুখার্জি বলেছেন, ‘আমাদের অঞ্জানি পুত্রসেনারা রাজ্যের ১৩০টি মন্দিরে ঘটা করে হনুমানজয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে।’ বীরভূম জেলায় ২০টি হনুমান মন্দিরেও হনুমানজয়ন্তী পালনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কলকাতায় উদ্‌যাপিত হবে হনুমানজয়ন্তী।

বিজেপির খড়গপুরের সভাপতি রবিশংকর পাণ্ডে বলেছেন, হনুমানজয়ন্তীর দিন তাঁরা মোটরসাইকেল শোভাযাত্রা করবেন। বর্ধমানের বিজেপি নেতা লক্ষ্মণ গৌরী বলেছেন, বর্ধমানের সর্বত্র দিনটি পালিত হবে।

তৃণমূল কংগ্রেসও রামনবমীর মতো হনুমানজয়ন্তীতে মেতে উঠেছে। তারাও রাজ্যের সর্বত্র হনুমানজয়ন্তী পালন করছে। কলকাতায় দিনটি পালনের নেতৃত্বে রয়েছে বিধায়ক সাধন পাণ্ডে এবং বিধায়ক সুজিত বসু। হাওড়ার নেতৃত্বে রয়েছেন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। এই লক্ষ্যে কলকাতায় বিভিন্ন হনুমান মন্দিরে আয়োজন করা হয়েছে হনুমান উৎসবের।

হঠাৎ করে তৃণমূল ধর্মীয় রাজনীতিতে ঝুঁকল কেন? এ প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তৃণমূলের মহাসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘সবাই হনুমানজয়ন্তী করতে পারেন। তবে ধর্ম পালনের নামে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।’

মমতা বন্দ্যোপাধ্যায় সচিবালয়ে এক বিশেষ বৈঠকের পর জানান, হনুমানজয়ন্তীতে কোনো বিশৃঙ্খলা বরদাশত করবে না রাজ্য সরকার। কলকাতা পুলিশকে বলা হয়েছে, অস্ত্র নিয়ে কোনো মিছিল করা যাবে না।

রাজনৈতিক পর্যবেক্ষকেরা অন্য কথা বলেছেন। তাঁরা বলছেন, ঘটনা অন্যত্র। রাজ্যে বাম দল ও কংগ্রেসের অবস্থা শোচনীয় হয়ে পড়ছে। জাগছে বিজেপি। মমতার ভয়ও এই বিজেপিকে নিয়ে। যদি, বিজেপি কামড় বসায় তৃণমূলের ওপর! তাই ধর্মভিত্তিক রাজনীতির দিকে তৃণমূল।