ধর্মান্তর করা নিয়ে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট
ভারতের উত্তর প্রদেশে ২০০ লোককে ধর্মান্তরিত করা নিয়ে গতকাল বুধবার পার্লামেন্টের উভয় কক্ষে হইচই হয়েছে। বিজেপি সরকারের কাছে এ ঘটনার ব্যাখ্যা দাবি করে বিরোধী দলগুলো। খবর এনডিটিভির।
উত্তর প্রদেশের আগ্রায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ (আরএসএস) ওই ধর্মান্তরকরণ অনুষ্ঠানের আয়োজন করে। আরএসএস দাবি করেছে, এ সময় ৫৭টি মুসলমান পরিবারকে হিন্দু ধর্মে দীক্ষিত করা হয়। তারা আগামী ২৫ ডিসেম্বর আলীগড়ে ধর্মান্তরিত করার আরেকটি আয়োজনের ঘোষণা দিয়েছে।
আরএসএস ক্ষমতাসীন দল বিজেপির ভাবাদর্শিক পরামর্শদাতা বলে পরিচিত। এ কারণে গতকাল পার্লামেন্টে বিরোধী দলের সাংসদেরা সরকারি দলের ওপর খড়্গহস্ত হন।
কংগ্রেসের নেতা আনন্দ শর্মা রাজ্যসভায় বলেন, ‘দেশের সংবিধান আর লঙ্ঘিত হবে না, পার্লামেন্ট ও দেশ এখন নতুন করে সেই আশ্বাস চায়।’
বাম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, ‘ধর্মান্তরিত করার ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে।’
ধর্মান্তরিত একজন গত মঙ্গলবার দাবি করেন, তাদের রেশন কার্ডসহ বেশ কিছু সুবিধা দেওয়ার কথা বলা হয়। পুলিশ ঝামেলা করবে না বলেও নিশ্চয়তা দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। রাজি না হয়ে কী করব?’ তবে ধর্মান্তরকারীরা দাবি করেছেন, ওই পরিবারগুলো আগে হিন্দুই ছিল। ৩০ বছর আগে তারা মুসলমান হয়।