ধর্মান্তরবিরোধী আইন করতে সমর্থন চাইছে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপি সভাপতি অমিত শাহ জানালেন, তাঁর দল জবরদস্তি ধর্মান্তরের বিরোধী। এবং সে কারণেই বিজেপি ধর্মান্তরবিরোধী বিল আনতে চায়। গতকাল শনিবার দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে এ কথা বলেন অমিত শাহ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অমিত শাহ আরও বলেন, দেশের ‘ছদ্ম ধর্মনিরপেক্ষ’ দলগুলোর উচিত এই বিলকে সমর্থন করা। তিনি এ সময় আবারও বলেন, সাম্প্রতিক বিতর্কিত ধর্মান্তর নিয়ে বিরোধীরা সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে যা করছে, বিজেপি দল ও সরকার তা মানবে না।
উত্তর প্রদেশের বেশ কিছু জেলায় ধর্মান্তরকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অসম্প্রীতি সৃষ্টি হয়েছে; বিশেষ করে আগ্রায়। সেখানে সম্প্রতি এক অনুষ্ঠানে ২০০ মুসলমানের ধর্মান্তর ঘটানো হয়। পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) অনুগত কিছু সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, তারা ২৫ ডিসেম্বর আলীগড়ে গণধর্মান্তর করবে। এই ধর্মান্তরকে তারা ‘ঘরে ফেরা’ বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপত্তিতে এই কর্মসূচি বাতিল করা হলেও এ নিয়ে সংসদের উভয় কক্ষে ব্যাপক হইচই হয়।
সংসদের অধিবেশন শেষ হতে এখনো দুদিন বাকি। কিন্তু বিরোধীদের যা মনোভাব, তাতে এই অধিবেশনে রাজ্যসভায় অন্তত তারা বিজেপিকে কোনো অর্থনৈতিক সংস্কার বিল পাস করতে দিচ্ছে না। বিজেপিও অনড়। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে তাদের সায় নেই। দলটির বক্তব্য, আগ্রায় যা ঘটেছে তা জবরদস্তি নয়। তা স্বেচ্ছায় ধর্মান্তর।
অমিত শাহ কোচিতে বলেছেন, বিজেপি জোর করে ধর্মান্তরে বিশ্বাস করে না। সে জন্যই সরকার জবরদস্তি ধর্মান্তরকরণ রুখতে আইন আনতে চায়। যে দলগুলো ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, তাদের উচিত এই বিলকে সমর্থন করা। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলে দেশব্যাপী বিতর্কের আয়োজন করা যেতে পারে বলেও তিনি মত দেন।
তবে জবরদস্তিমূলক ধর্মান্তর রুখতে বিজেপির এই আইন প্রণয়নের চিন্তা ধর্মান্তরকে উৎসাহিত করার জন্যই বলে অধিকাংশ বিরোধী দলের অভিমত। যেমন মায়াবতী। বহুজন সমাজ পার্টির নেত্রীর মতে, উত্তর প্রদেশের হতদরিদ্র মুসলমানদের নানা প্রলোভন দেখিয়ে বিজেপি ধর্মান্তর ঘটাচ্ছে। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির মতে, কোনটা জবরদস্তি ও কোনটা ইচ্ছাকৃত, এটা প্রমাণ করা খুবই কঠিন। বিজেপি সেই সুযোগই নিতে চাইছে। তাই আইন করার ভাবনাচিন্তা।