ধর্মান্তরবিরোধী আইন করতে সমর্থন চায় বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপির সভাপতি অমিত শাহ জানিয়েছেন, তাঁর দল জবরদস্তি ধর্মান্তরের বিরোধী। সে কারণেই বিজেপি চায় ধর্মান্তরবিরোধী বিল আনতে।

আজ শনিবার ভারতের দক্ষিণে কেরল রাজ্যের কোচি শহরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিত শাহ এ কথা বলেন। তিনি জানান, দেশের ছদ্ম ধর্মনিরপেক্ষ দলগুলির উচিত এই বিলকে সমর্থন করা। অমিত শাহ অবশ্য এ কথাও জানান, ধর্মান্তর নিয়ে বিরোধীরা সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে যা করছে, দল ও সরকার তা মানবে না।
উত্তর প্রদেশের বেশ কিছু জেলায় ধর্মান্তরকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অসম্প্রীতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে আগ্রায়। সেখানে সম্প্রতি এক অনুষ্ঠানে ২০০ মুসলমানের ধর্মান্তর ঘটানো হয়। পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) অনুগত কিছু সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, তারা ২৫ ডিসেম্বর আলীগড়ে গণধর্মান্তর ঘটাবে। এই ধর্মান্তরকে তারা ‘ঘরে ফেরা’ বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপত্তিতে এই কর্মসূচি বাতিল করা হলেও এ নিয়ে সংসদের উভয় কক্ষে ব্যাপক হইচই হয়। রাজ্যসভায় দাবি ওঠে, প্রধানমন্ত্রীকে সভায় বিবৃতি দিতে হবে, না হলে কোনো বিল পাস করতে দেওয়া হবে না। মোট নয়টি দল এ দাবিতে এককাট্টা। ফলে এখনো পর্যন্ত বিমা বিল, অভিন্ন বিক্রয় কর বিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে রাজ্যসভায় আনাই যায়নি।
সংসদের অধিবেশন শেষ হতে এখনো দুদিন বাকি। কিন্তু বিরোধীদের যা মনোভাব, তাতে এই অধিবেশনে রাজ্যসভায় অন্তত তারা বিজেপিকে কোনো অর্থনৈতিক সংস্কার বিল পাস করতে দিচ্ছে না। বিজেপিও অনড়। প্রধানমন্ত্রীর বিবৃতিতে তাদের সায় নেই। সায় না থাকার কারণ হিসেবে তাদের বক্তব্য, আগ্রায় যা ঘটেছে তা জবরদস্তি নয়, তা স্বেচ্ছায় ধর্মান্তর। অমিত শাহ কোচিতে সেটাই বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন, ‘বিজেপি জোর করে ধর্মান্তরে বিশ্বাস করে না। সে জন্যই সরকার জবরদস্তি ধর্মান্তরকরণ রুখতে আইন আনতে চায়।’ তিনি বলেন, যে দলগুলি ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, তাদের উচিত এই বিলকে সমর্থন করা। এই বিষয়ে রাজনৈতিক দলগুলি সহমত হলে দেশব্যাপী বিতর্ক সৃষ্টি করা যেতে পারে বলেও তিনি জানান।
জবরদস্তি ধর্মান্তর রুখতে বিজেপির এই আইন প্রণয়নের চিন্তা ধর্মান্তরকে উৎসাহিত করার জন্যই বলে অধিকাংশ বিরোধী দলের অভিমত। যেমন মায়াবতী। বহুজন সমাজ পার্টির নেত্রীর মতে, উত্তর প্রদেশের হতদরিদ্র মুসলমানদের নানা প্রলোভন দেখিয়ে বিজেপি ধর্মান্তর ঘটাচ্ছে। সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরির মতে, কোনটা জবরদস্তি ও কোনটা ইচ্ছাকৃত, এটা প্রমাণ করা খুবই কঠিন। বিজেপি সেই সুযোগটাই নিতে চাইছে। তাই আইন করার ভাবনাচিন্তা। কয়েক দিনের মধ্যে এই বিতর্কের মীমাংসা হওয়া কঠিন। তাই রাজ্যসভার চলতি অধিবেশনে গুরুত্বপূর্ণ বিলগুলি পেশ ও পাসেরও কোনো সম্ভাবনা নেই।