ধর্মীয় সহিংসতা সহ্য করা হবে না: মোদি

ধর্মীয় সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
রাজধানী নয়াদিল্লিতে খ্রিষ্টান সম্প্রদায়ের এক সম্মেলনে এসব কথা বলেন মোদি। তিনি সব ধর্মের অনুসারীদের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেন। ক্ষমতায় আসার পর এই প্রথমবারের মতো দেশটির সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদি।
সম্মেলনে মোদি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু যে ধর্মীয় সম্প্রদায়ই হোক, আমার সরকার কাউকেই প্রকাশ্যে বা গোপনে অন্য ধর্মের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোকে সহ্য করবে না। কোনো ধর্মের প্রতি সহিংসতাকেও মেনে নেওয়া হবে না। এমন সহিংসতার আমি সব সময় নিন্দা করি।’
গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত দিল্লির পাঁচটি গির্জা ও একটি মিশনারি স্কুলে হামলার ঘটনা ঘটে। গির্জায় হামলার প্রতিবাদে এ মাসের শুরুতে খ্রিষ্টান ধর্মযাজকদের একটি সমাবেশ চলার সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
সাম্প্রদায়িক সহিংসতা ছাড়াও কট্টর হিন্দুত্ববাদীদের গণধর্মান্তর কর্মসূচির কারণেও দেশে-বিদেশে নিন্দার মুখে পড়েছে মোদি সরকার।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘সব ধর্মের মানুষের কাছে আমার আবেদন, আপনারা সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন। পরমতসহিষ্ণু হোন।’