ধর্মের নামে ভোট চাওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজনীতিবিদেরা নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে ধর্ম ও জাতিপ্রথার নামে ভোট চাইতে পারবেন না। দেশটির শীর্ষ আদালত গতকাল সোমবার এ আদেশ দিয়েছেন। আদালতের এই নির্দেশনা কার্যকর হলে দেশটির আসন্ন নির্বাচনে নিজেদের রাজনৈতিক কৌশল বদলাতে বাধ্য হবে রাজনৈতিক দলগুলো।
১৯৯৬ সালে এক রাজনীতিকের করা একটি পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই আদেশ দেন। পিটিশনে তিনি সংবিধানে ধর্মনিরপেক্ষতার সপক্ষে মত দিয়ে তা অটুট রাখার আহ্বান জানিয়েছিলেন। তাঁর পিটিশনের ভিত্তিতে গঠিত সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চের অধিকাংশ বিচারক তাঁর আহ্বানের সপক্ষে মত দেন।
প্রধান বিচারপতি টি এস ঠাকুরের দেওয়া আদেশে বলা হয়, জাত, ধর্মীয় অনুভূতি অথবা ধর্মের নাম ভাঙিয়ে কোনো রাজনীতিবিদ ভোট চাইতে পারবেন না। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় অবশ্যই ধর্মনিরপেক্ষতার চর্চা থাকা দরকার। উত্তর প্রদেশ রাজ্যে নির্বাচনের অল্প কয়েক দিন বাকি থাকতে আদালত এ আদেশ দিলেন। এই রাজ্যটি ভারতের সবচেয়ে জনবহুল। এখানে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ধর্ম ও জাতপাতের বিষয়টি বেশ প্রভাব বিস্তার করে। ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার ক্ষেত্রে এই রাজ্যের নির্বাচনী ফলাফল অনেক গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে নরেন্দ্র মোদির জন্য।
ভারত সরকারিভাবে ধর্মনিরপেক্ষ দেশ হলেও রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ধর্ম ও জাতপাতের বিষয়টিকে গুরুত্ব দেয়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বছরের পর বছর থেকে হিন্দু জাতীয়তাবাদী অ্যাজেন্ডা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। উত্তর প্রদেশ ছাড়া পাঞ্জাব, উত্তরাখন্ড, গোয়া ও মনিপুর রাজ্যের নির্বাচনও এ বছর হওয়ার কথা।