ধর্ষক গ্রেপ্তার হয়নি, মুখ্যমন্ত্রীকে দেখে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে নদীয়া জেলার রানাঘাটে এক নান গণধর্ষণের শিকার হওয়ার তিন দিন কেটে গেলেও কোনো ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেও পুলিশ ধর্ষণের ঘটনাটির কিনারা করতে পারেনি।

আজ সোমবার সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাটে নানকে দেখতে যান। রানাঘাট সরকারি হাসপাতালে নানকে দেখে বের হওয়ার পর স্থানীয় লোকজনের বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। একপর্যায়ে তারা ‘গো ব্যাক মুখ্যমন্ত্রী’ বলে স্লোগানও দেয়।

পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক জিএমপি রেড্ডিও রানাঘাট সরকারি হাসপাতালে যান চিকিৎসাধীন নানকে দেখতে। কংগ্রেস বিধায়ক মুহম্মদ সোহরাবের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দলও রানাঘাটে যান।

সিসিটিভির ফুটেজে পুলিশ যে চারজনকে দেখতে পেয়েছে, তাদের কাউকেই পুলিশ এখনো ধরতে পারেনি। ধর্ষকদের ধরার জন্য উত্তর প্রদেশে সিআইডির একটি টিম পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গত শুক্রবার রাত আড়াইটার দিকে সাত থেকে আটজনের একটি দল স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে বেঁধে স্কুলের অফিসকক্ষে ঢোকে। তারপর তারা অফিসকক্ষ থেকে ১২ লাখ টাকা লুট করে। এ সময় ওই কনভেন্ট স্কুলের উপস্থিত নানরা বাধা দিলে তাঁদেরও বেঁধে রাখা হয়। গণধর্ষণের শিকার হন ৭১ বছর বয়সী এক নান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।