ভারতে শিক্ষার্থী নির্ভয়াকে ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ড পাওয়া আসামির সাক্ষাৎকার রয়েছে এমন একটি তথ্যচিত্রের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। গতকাল বুধবার সাক্ষাৎকারটি ইন্টারনেটে প্রকাশ করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। খবর টাইমস অব ইন্ডিয়া ও বিবিসির।
মেডিকেল শিক্ষার্থী নির্ভয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পাঁচজনের অন্যতম মুকেশ সিংয়ের সাক্ষাৎকার রয়েছে ‘ইন্ডিয়া’স ডটার’ নামের ওই প্রামাণ্যচিত্রে। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে বিবিসি ও ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিতে তথ্যচিত্রটি সম্প্রচার হওয়ার কথা।
২০১২ সালের ১৬ ডিসেম্বর ২৩ বছর বয়সী ওই ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় ভারতজুড়ে প্রচণ্ড বিক্ষোভ হয়।
সাজাপ্রাপ্ত আসামি মুকেশ সিং ব্রিটিশ তথ্যচিত্র নির্মাতা লেসলি উডউইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্ষণের পক্ষে সাফাই গান। গত মঙ্গলবার বিবিসির ম্যাগাজিনে সেটি প্রকাশিত হয়। ওই সাক্ষাৎকারে মুকেশ বলেন, ‘একজন ভদ্র মেয়ে কখনো রাত নয়টার দিকে ঘুরে বেড়ায় না। ধর্ষণের জন্য একটা ছেলে যতটা দায়ী, একজন মেয়ে তার চেয়ে অনেক বেশি দায়ী। মেয়েদের কাজ হলো ঘরের কাজ করা, সংসার সামলানো। রাতে ডিসকো নাচে যাওয়া, বারে ঘুরে বেড়ানো, আজেবাজে কাজ করা, উল্টোপাল্টা পোশাক পরা তাদের কাজ নয়। এ ধরনের মেয়েদের শিক্ষা দেওয়ার অধিকার অন্যদের আছে।’
মুকেশের সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল এক বিবৃতিতে বলেছেন, প্রামাণ্যচিত্রের নির্মাতা সাক্ষাৎকার নেওয়ার অনুমোদনের শর্ত ভঙ্গ করেছেন। সামাজিক কারণে অনুমোদন দেওয়া হয়েছিল। তবে সাধারণ মানুষের মধ্যে প্রদর্শন ও বাণিজ্যিক কারণে প্রামাণ্যচিত্রটি ব্যবহারের জন্য ওই অনুমোদন দেওয়া হয়নি। ভবিষ্যতে কেউ এ ধরনের অনুমোদন পাবে না বলে নিশ্চয়তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দিল্লির পুলিশ জানিয়েছে, ভারতের দণ্ডবিধি লঙ্ঘনের অভিযোগে তারা ওই প্রামাণ্যচিত্রের বিরুদ্ধে দুটি মামলা করেছে।
তথ্যচিত্র নির্মাতা লেসলি উডউইন বলেছেন, তিহার কারাগারের মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েই তিনি মুকেশের সাক্ষাৎকারটি নিয়েছেন। দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ২০১৩ সালের মে মাসে অনুমতির জন্য আবেদন করি এবং দুই সপ্তাহের অনুমতি পাই।’
লেসলি উডউইন বলেন, প্রামাণ্যচিত্রটির সম্প্রচার বন্ধ করার চেষ্টা করা হলে তা হবে মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন। এনডিটিভির স্টুডিওতে এক আলোচনায় প্রমাণ্যচিত্রটির পক্ষে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘রোগ ধর্ষকের মধ্যে নয়, সমাজের মধ্যে—এটিই দেখানোর চেষ্টা করা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে।’
বিবিসির একজন মুখপাত্র বলেন, ধর্ষণের শিকার হওয়া মেয়েটির বাবা-মায়ের পূর্ণ সমর্থন এবং সহযোগিতায় রোমহর্ষক ওই অপরাধের কারণ উপলব্ধি করতে মর্মভেদী ওই প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। দায়িত্বশীলতার বিষয়ে বিবিসির সম্পাদকীয় নীতিমালা পুরোপুরিভাবে মেনে চলা হয়েছে।
গতকাল ভারতের রাজ্যসভার সদস্য অনু আগা বলেন, তথ্যচিত্রে ধর্ষণকারী যে মন্তব্য করেছে, তা ভারতের অনেক পুরুষের ভাবনাকেই তুলে ধরে।
আরেক সদস্য জাভেদ আখতার বলেন, ‘যাঁরা মনে করেন তথ্যচিত্রে আপত্তিকর বিষয় আছে, আমার মনে হয় তাঁদের মনোভাব পাল্টানো উচিত।’
এদিকে হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটে করা এক জরিপে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ লোক মনে করেন, সাক্ষাৎকারটি বিবিসিকে সম্প্রচার করতে দেওয়া উচিত।