ধর্ষকেরা যেন ছাড় না পায়: নির্ভয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যারা আমাকে নির্যাতন করেছে, তাদের ছাড় দেবেন না’— ভারতে ২০১২ সালের ডিসেম্বরে চলন্ত বাসে গণধর্ষণের শিকার তরুণ ছাত্রী নির্ভয়া এ কথাগুলোই বলেছিলেন পুলিশ কর্মকর্তা ছায়া শর্মাকে। ওই ঘটনা তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন নারী পুলিশ কর্মকর্তা ছায়া শর্মা।

আজ শুক্রবার চার ধর্ষকের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। রায় দেওয়ার সময় আদালতের তিন বিচারক বলেন, ‘দিল্লির পুলিশ যেসব তথ্যপ্রমাণ দিয়েছে তা অনবদ্য।’ নির্ভয়াকে জিজ্ঞাসাবাদ করা পুলিশ কর্মকর্তা ছায়া শর্মা ঘটনার ধারাবাহিক বিবরণ দেওয়ার জন্য নির্ভয়ার প্রতি কৃতজ্ঞ। বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনে কর্মরত পুলিশ কর্মকর্তা ছায়া শর্মা বলেন, ‘আমরা যদি বিচার পেয়ে থাকি, তবে তা হয়েছে নির্ভয়ার জন্যই। তাঁর ধারাবাহিক বিবরণই এটা সম্ভব করেছে।’

২৩ বছর বয়সী নির্ভয়াকে হাসপাতালে প্রথম দেখার কথা স্মরণ করে ছায়া শর্মা বলেন, ‘তিনি কখনো ধর্ষণের শিকার অন্য নারীদের মতো কাঁদেননি। তদন্তের স্বার্থে তাঁর আচরণ ছিল দারুণ ইতিবাচক।’

নির্ভয়া প্রাথমিকভাবে হাসপাতালের চিকিৎসক ও দুজন ম্যাজিস্ট্রেটের কাছে ঘটনার বিবরণ দেন। এরপর তিনি পুলিশকে ঘটনার বিবরণ দেন। এসব বিবরণগুলোই তথ্যপ্রমাণ সংগ্রহে পুলিশকে সহায়তা করেছে বলে উল্লেখ করেন ছায়া শর্মা।

ওই ধর্ষণের ঘটনায় ২০১৩ সালে বিচারিক আদালতের রায়ে চার অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাইকোর্টেও এই রায় বহাল থাকে। তবে আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে চার অপরাধী অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্ত ও মুকেশ। আজ সেই আবেদন খারিজ করে ফাঁসির সাজাই বহাল রেখেছেন শীর্ষ আদালত।

২০১২ সালের ১৬ ডিসেম্বর বন্ধুর সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছরের প্যারামেডিকেল ছাত্রী নির্ভয়া। গণধর্ষণের পরও চলে অকথ্য শারীরিক নির্যাতন। এর পর নির্ভয়া ও তাঁর বন্ধুকে চলন্ত বাস থেকে রাস্তায় ছুড়ে ফেলা দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু, অবস্থায় উন্নতি না হওয়া নির্ভয়াকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই হাসপাতালে মারা যান তিনি। এই ঘটনার পর দেশ-বিদেশ জুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যায়। বিক্ষোভ চলতে থাকে রাজধানী-সহ দেশের নানা প্রান্তে। প্রাথমিকভাবে তার (জ্যোতি) নাম-পরিচয় গোপন রাখা হয়। নির্ভয়া বা দামিনী নামেই তাঁর উল্লেখ করা হয় সংবাদমাধ্যমে। পরে প্রকাশ্যে আসেন তাঁর মা-বাবা। মেয়ের নাম-পরিচয়ও জানান তাঁরা।

‘নির্ভয়ার’ বাবা বলেন, এই অপরাধীদের ফাঁসিতে ঝোলানো উচিত। এ রকম বর্বর অপরাধের ঘটনা আর নেই।

২০১৩ সালের মার্চ মাসে তিহার কারাগারে বিচার চলাকালে বাসচালক রাম সিংয়ের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। গত বছরের আগস্ট মাসে অপরাধী বিনয় শর্মাও আত্মহত্যার চেষ্টা করে। ভয়ংকর এই ঘটনায় দোষী সাব্যস্ত আরেক অপরাধীকে কিশোর বিবেচনায় ২০১৫ সালের ডিসেম্বর মাসে সংশোধনাগারে পাঠানো হয়। কিশোর অপরাধীদের জন্য প্রযোজ্য আইন অনুসারে তার সর্বোচ্চ সাজা হয় তিন বছর। এ নিয়ে বিতর্ক ওঠে। পরে গর্হিত অপরাধের দায়ে ১৬ থেকে ১৮ বছরের অপরাধীদের প্রাপ্তবয়স্ক বিবেচনা করে শাস্তির বিধান রাখা হয়।

সুপ্রিম কোর্ট এই চার অপরাধীর মৃত্যুদণ্ড বহাল রাখায় তাদের সামনে শেষ সুযোগ থাকবে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা।

সূত্র: এনডিটিভি।