ধর্ষণের অভিযোগ, জনতা কারা থেকে এনে মারল তাকে
ভারতের নাগাল্যান্ডে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে কারাগার থেকে এনে পিটিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ জনতা। এ সময় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে নাগাল্যান্ডের বাণিজ্যিক শহর ডিমাপুরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর কর্তৃপক্ষ শহরে কারফিউ জারি করেছে। জেলা ম্যাজিস্ট্রেট ওয়েজিও কেনি বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো জেলায় কারফিউ জারি করা হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, সৈয়দ ফরিদ খান (৩৫) নামের আসামের ওই পুরনো গাড়ির ব্যবসায়ী ২০ বছরের এক নাগা তরুণীকে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ২৫ ফেব্রুয়ারি পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নিম্ন-আদালতে হাজির করেন। আদালত তাঁকে বিচারিক হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে ওই ব্যবসায়ীকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কিন্তু কারাগারে গিয়ে ক্ষুব্ধ জনতার রোষ থেকে রেহাই পাননি ব্যবসায়ী।
আইএএনএসকে জেলা পুলিশ প্রধান মেরেন জামির বলেন, প্রায় চার হাজার মানুষ অতর্কিতে কেন্দ্রীয় কারাগারে হামলা চালিয়ে দুটি ফটক ভেঙে ওই ব্যবসায়ীকে নিয়ে যায়। ওই ব্যবসায়ীকে উলঙ্গ করে শহরের প্রধান সড়ক দিয়ে ঘোরানো হয়। পরে তিনি জনতার পিটুনিতে মারা যান। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে লাশ উদ্ধার করে।
আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে জানানো হয়, গত ২৩ ফেব্রুয়ারি ডিমাপুরের এস ডি জৈন কলেজের এক ছাত্রী পূর্ব পরিচিত দুই ব্যবসায়ী বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন। পরে এক ব্যবসায়ী গাড়ি থেকে নেমে গেলে অন্য জন মেয়েটিকে দফায় দফায় ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। মেয়েটির দাবি, তাঁকে মদ্যপানেও বাধ্য করা হয়। মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
খবরে জানানো হয়, ধর্ষণের এ ঘটনায় গত দুদিন ধরে ডিমাপুরে বন্ধ চলে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নাগাল্যান্ড। ডিমাপুরে থাকা বেশ কিছু ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স বাতিল করতে সশস্ত্র জনতা জেলা প্রশাসনের দপ্তরে হানা দেয়। আসামের ব্যবসায়ীদের দোকান খালি করে দেওয়ারও হুমকি দেয় নাগারা। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ডিমাপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জারি করা হয় ১৪৪ ধারা। এরই মধ্যে গত বুধবার সন্ধ্যায় এস ডি জৈন কলেজের ছাত্ররা হাজি পার্ক, হংকং মার্কেটের বহু দোকানে ভাঙচুর চালায়। গতকাল রাতে ডিমাপুরের নিউ মার্কেটে কয়েকটি দোকানে আগুন লাগানো হয়।
গতকাল রাজ্যের মন্ত্রিপরিষদের বৈঠকে এ ঘটনার নিন্দা জানানো হয়। মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকায় এতে সভপতিত্ব করেন রাজ্যের সমাজকল্যাণমন্ত্রী। ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।