ধর্ষণের ঘটনায় দিল্লিতে পর্যটক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হলো দিল্লি। আগ্রার তাজমহল, কুতুবমিনার, যন্তরমন্তর—এসব দর্শনীয় ঐতিহাসিক নিদর্শন রয়েছে ওই রাজ্যে।
প্রতিবছর তাই এ শহরে পর্যটকদের ঢল নামে। কিন্তু দিল্লিতে হঠাত্ করেই যে বিদেশি পর্যটকের আনাগোনা কমে যাচ্ছে, তা বেশ লক্ষণীয়। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ অনুযায়ী, গত এক বছরে পর্যটকের আগমন ৩০ শতাংশ কমে গেছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দিল্লির দর্শনীয় তিন জায়গা কুতুবমিনার, হুমায়ুনের সমাধি ও লালকেল্লায় বিক্রি হওয়া টিকিটের ওপর ভিত্তি করে ওই জরিপ চালানো হয়।

২০১২ সালের ডিসেম্বরে চলন্ত বাসে প্যারামেডিকেলের ছাত্রী নির্ভয়া গণধর্ষণের শিকার হন। পরে তিনি মারা যান। আলোড়ন সৃষ্টিকারী এ ঘটনার পর দিল্লির পর্যটনশিল্পে অনেকটাই ধস নেমেছে। পর্যটকদের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যহারে। এ ঘটনার পর পর্যটকেরা অনেকে দিল্লি সফরে আতঙ্কিত। এ নগরকে তাঁরা নিরাপদ মনে করছেন না।

ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের তথ্যমতে, দিল্লিতে এখন নারী পর্যটকেরা একা কমই আসেন। যাঁরা আসেন, তাঁরা দলবেঁধেই আসেন।

নয়াদিল্লির ফরেন টুরিস্ট সূত্র জানায়, কুতুবমিনারে ২০১২-১৩ সালে আসা পর্যটকের সংখ্যা ছিল ৩৫ লাখ ৯১ হাজার ৬০৯ জন। ২০১৩-১৪ সালে তা দাঁড়িয়েছে ৩২ লাখ ৮৪ হাজার ৮২৬ জনে।

দিল্লির ঐতিহাসিক স্থান যন্তরমন্তর, পুরান কিল্লা ও মোগল সম্রাট সফদার জংয়ের সমাধিতেও কমেছে পর্যটকের সংখ্যা। এমনকি পর্যটক কমেছে তাজমহলেও। পর্যটকের সংখ্যা ১১ শতাংশ কমেছে।

তবে প্রত্নতাত্ত্বিক সংস্থা মনে করছে, ঐতিহাসিক স্থানগুলোতে টিকিটের অব্যবস্থাপনার কারণেও পর্যটকের সংখ্যা কমে যেতে পারে। এ কারণে এসব জায়গায় ই-টিকিটের বন্দোবস্ত করা হচ্ছে।