ধর্ষণের ভিডিও চিত্র সার্চ ইঞ্জিন থেকে ডিলিট হবে!
সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলোতে ধর্ষণ বা যৌন নির্যাতনের ভিডিও চিত্র ক্রমাগত ছড়িয়ে পড়ছে। এসব ভিডিও চিত্রের মাধ্যমে প্রতারণাও বেড়ে যাচ্ছে অহরহ। আর ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এসব ভিডিও চিত্র খোঁজার প্রবণতাও বেশ। তবে এবার সামাজিক যোগাযোগের মাধ্যম ও সার্চ ইঞ্জিন থেকে এসব ভিডিও চিত্র সরাতে পদক্ষেপ নিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল, ইয়াহু ও মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন এবং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কেন ধর্ষণের ভিডিও চিত্র রাখা হয়েছে—তা জানাতে গতকাল সোমবার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট।
বিচারপতি মদন বি লকুর ও বিচারপতি ইউ ইউ ললিতের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ ফেসবুক, গুগল, ইয়াহু ও মাইক্রোসফট কর্তৃপক্ষের কাছে ওই নোটিশ পাঠিয়েছেন। আগামী ৯ জানুয়ারির মধ্যে ওই চারটি প্রতিষ্ঠানকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। হায়দরাবাদভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রজ্বলার আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই নোটিশ পাঠিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কারও অনুমতি না নিয়ে নির্যাতিতার সঙ্গে প্রতারণা করতেই যৌন নিগ্রহের ভিডিও চিত্র ইন্টারনেটে আপলোড করা হচ্ছে। এটা একধরনের সাইবার অপরাধ। এর কারণে ওই নির্যাতিতারা সামাজিকভাবে হেয় হচ্ছেন।
এর আগে ইন্টারনেটের সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহু ও মাইক্রোসফটকে তাদের প্ল্যাটফর্ম থেকে অবৈধ ও অশালীন বিজ্ঞাপন, যৌন–সংশ্লিষ্ট বিষয় ও গর্ভপাতের বিজ্ঞাপন সরিয়ে নিতে আদেশ দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ আদালত।
বেসরকারি প্রতিষ্ঠান প্রজ্বলার উপদেষ্টা অপর্ণা ভাট বলেন, সার্চ ইঞ্জিনে ধর্ষণের ভিডিও চিত্র রোধে আদালত থেকে ঠিক একই ধরনের নির্দেশনা প্রয়োজন। তিনি বলেন, সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে বাধ্য থাকতে হবে যে ধর্ষণের ভিডিও চিত্র আপলোড হওয়া মাত্র তারা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সরিয়ে নিতে পদক্ষেপ নেবেন।
অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মনিন্দর সিং আদালতকে বলেছেন, যেকোনো ধরনের সাইবার অপরাধ ঠেকাতে একটি ন্যাশনাল সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (এনসিসিসি) গঠন করা যেতে পারে। জাতীয় স্বার্থে এ ধরনের অন্য সংস্থাগুলোর সঙ্গে প্রতিষ্ঠানটি সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।
রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে, যৌন নিগ্রহের মতো ভিডিও চিত্র মোবাইল ফোনের মাধ্যমে কারা আপলোড করেন কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করেন তা খুঁজে বের করা দুরূহ। তবে যদি কেউ এ ধরনের ভিডিও চিত্র কম্পিউটারের মাধ্যমে আপলোড করেন, তবে তাকে খুঁজে বের করে আটক করা সহজ।