ধর্ষণের মিথ্যা অভিযোগ, নারীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী ও দেবরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় অভিযোগকারী নারীর সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ভারতের হরিয়ানা রাজ্যের রোহতাকের আদালত একই সঙ্গে ওই নারীকে ১০ হাজার রুপি জরিমানা করেছেন।

আজ শনিবার ভারতের দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রোহতাক আদালতের বিচারক রিতু ওয়াইকে বেহল এই রায় ঘোষণা করেন।

প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম মীনাক্ষী (২৮)। তাঁর অভিযোগ ছিল, ২০১০ সালের জুন মাসে রোহতাক এলাকায় তিনি গণধর্ষণের শিকার হন। গাড়িতে এগিয়ে দেওয়ার কথা বলে তিন ভাই তাঁকে গণধর্ষণ করেন। পরে জোর করে তাঁকে এক ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই তাঁর স্বামী ও দেবরেরা প্রতিনিয়ত তাঁকে ধর্ষণ করেন। এই অভিযোগে স্বামী ও দেবরসহ পরিবারের আট সদস্যের বিরুদ্ধে মামলা করেন নারী।

প্রতিবেদনে আরও বলা হয়, আদালত এই মামলায় ২০১৫ সালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। তদন্ত প্রতিবেদন ও সাক্ষীদের কাছ থেকে অভিযোগের কোনো সত্যতা পায়নি আদালত। পরে আদালত মীনাক্ষীকে কারণ দর্শানোর নোটিশ পাঠান। কিন্তু মীনাক্ষী কোনো সদুত্তর দিতে পারেননি। তাঁর দেওয়া তথ্যও মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত মীনাক্ষীকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা করে রায় দেন।

আদালতে সরকারি কৌঁসুলি বলেন, ওই নারী (মীনাক্ষী) মিথ্যা অভিযোগ দিয়ে পরিবারের সদস্যদের হয়রানি করেছেন এবং তাঁদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। এ কারণে কোনো মানবিকতা না দেখিয়ে ওই নারীকে সর্বোচ্চ সাজা দেওয়া হোক।
তবে ওই নারী যেহেতু এখনো তরুণী এবং এটা তাঁর প্রথম অপরাধ এই বিবেচনায় আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেন।